দ্বিতীয় টেস্টেও শতক মমিনুলের
চট্টগ্রাম টেস্টের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টেও শতক পেয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক।
চট্টগ্রাম টেস্টে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে আবার তিন অঙ্কে পৌঁছেন মমিনুল।
দলকে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬৯ রানের স্বস্তিকর জায়গায় নিয়ে যাওয়া মমিনুল ১২৬ রানে অপরাজিত আছেন। তার ২২৫ বলের ইনিংসে চার ১৬টি।
বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টানা দুই টেস্টে শতকের এটা দ্বিতীয় ঘটনা। এর আগে লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে টানা শতক করেছিলেন তামিম।
১৬৯ বলে শতকে পৌঁছতে কক্সবাজারের এই ব্যাটসম্যান মেরেছেন ১২টি চার। নিল ওয়াগনারকে চার মেরে ৯৯ রানে পৌঁছেন মমিনুল। পরের ১০টি বলে কোনো রান পাননি। আবার সেই ওয়াগনারকেই চার মেরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ছোটখাটো এই ক্রিকেটার।
ঢাকা টেস্টের চতুর্থ দিন ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এনামুল হক ও মার্শাল আইয়ুবকে হারায় বাংলাদেশ। তবে মার্শালের বিদায়ের পর ১৫তম ওভারে মাঠে নেমেই মমিনুল খেলতে থাকেন আত্মবিশ্বাসী সব শট। এক প্রান্তে তামিম দেখে শুনে খেললেও অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন তিনি।
প্রথম টেস্টে মাত্র ১৯ রানের জন্য দ্বিশতক থেকে বঞ্চিত হন মমিনুল হক। চট্টগ্রাম টেস্টে তার পাওয়া প্রথম শতকটি থেমেছে ১৮১ রানে।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের
অভিষেকেই খেলেছিলেন ৫৫ রানের ঝকঝকে এক ইনিংস। তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসের ৬৪ রানের পরও পরের সিরিজে প্রথম টেস্টে দলে জায়গা পাননি।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুবারই সেট হওয়ার পর আউট হন মমিনুল। হারারে টেস্টে ২৩ ও ২৯ রানে সাজঘরে ফেরা এই ব্যাটসম্যান চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত ছিলেন। শেষ সময়ে নাঈম ইসলামের বদলে মমিনুলকেই বেছে নেয় স্বাগতিকরা।
