২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচানোর স্বপ্ন বাংলাদেশের

ঢাকা টেস্টের বাকি দুই দিনে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ১৩৭ রানে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। তবুও স্বাগতিকদের প্রতিনিধি হিসেবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসা নাসির হোসেন মনে করছেন, এখনো ম্যাচ বাঁচানো সম্ভব।

“খেলার এখনো দুই দিন বাকি। টেস্টে প্রতিটি সেশনে রূপ পাল্টায়। আশা করি, ম্যাচটা আমরা বাঁচাতে পারবো। আমাদের জেতার সম্ভাবনা এখনো রয়েছে।”

তবে এর জন্য ব্যাটসম্যানদের ভুল থেকে শিক্ষা নিতে হবে বলে মনে করেন বাংলাদেশের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

“ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ব্যাটিং করতে হবে। প্রথম ইনিংসে যেসব ভুল করেছি সেগুলো না করলে খুব ভালো অবস্থানে থাকবো। কিছুটা হতাশ তো অবশ্যই। প্রথম ইনিংসে একশ' রান কম করেছি।”

“উইকেট সুন্দর ছিল ভালো ছিল কিন্তু সে সুযোগ আমরা নিতে পারিনি। ব্যাটসম্যানদের ভুলের কারণে এগিয়ে থাকার সুযোগ হারিয়েছি। এখনো ব্যাটিং উইকেট আছে। রোদ না লাগায় উইকেট ভাঙ্গেনি,” যোগ করেন তিনি।

কিভাবে ম্যাচ বাঁচানো সম্ভব তার ব্যাখ্যাও দিলেন নাসির।

“দুই উইকেট হাতে নিয়ে ওরা ১৩৭ রানে এগিয়ে। যদি লিড ১৬০ এর মধ্যে রাখতে পারি আর লম্বা সময় ব্যাট করতে পারি, তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব। এমনকি দুই সেশনও পেতে পারি ওদের অলআউট করার জন্য।”