তিনশ'র মধ্যে অতিথিদের আটকাতে চান সাকিব
তিনশ' রানের ভেতর নিউ জিল্যান্ডকে অলআউট করতে চান ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে লড়াইয়ে ফেরানো সাকিব আল হাসান। অবশ্য এজন্য উইকেটে থাকা রস টেইলর ও কেন উইলিয়ামসনকে দ্রুত ফেরাতে হবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে আসা সাকিব বলেন, “যে দুজন ব্যাটিং করছে তাদের উইকেট খুব গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব এদের ফিরিয়ে দিতে হবে।”
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে তৃতীয় সেশনের খেলা হয়নি। চা-পানের বিরতিতে যাওয়ার আগে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। রস টেইলরের (৩৭) সঙ্গে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন (২৮)।
নিউ জিল্যান্ডের তিনটি উইকেটই নেয়া সাকিব বলেন “এখন যে অবস্থায় আছি তাতে দ্রুত ওদের ফিরিয়ে দিতে পারলে দুইশ' রানেও বেধে ফেলা সম্ভব। আমি যদি বাস্তবসম্মত একটি লক্ষ্য বলি, তবে তিনশ' রানে বেধে ফেলা খুবই সম্ভব। আমার মনে হয় খেলায় দুই দলের সমান সুযোগ থাকবে।”
টানা দুই দিন তৃতীয় সেশনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হলেও ফলাফল সম্ভব বলে মনে করেন সাকিব। তিনি বলেন, “আমি যা শুনছি তাতে মনে হচ্ছে তৃতীয় দিন থেকে উইকেট আরো স্পিন ধরবে। সেটা হলে স্বাভাবিকভাবেই দুই দলের জন্যই রান করাটা অনেক কঠিন হয়ে যাবে। এমন অবস্থায় ফলাফল আসা খুবই সম্ভব।”
উইকেট ব্যাট করা আরো দুরহ হওয়ায় ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন সাকিব।
“এখনো তিন দিন পুরো খেলা হলে আমার ধারণা ম্যাচের রেজাল্ট ভালোভাবেই হবে। যে গতিতে খেলা এগুচ্ছে তাতে খেলার ফলাফল হওয়ার কথা। উইকেট থেকে কতটা সহায়তা পাওয়া যাবে তা বলা এখনো কঠিন। তবে উইকেট ক্রমশ আরো দুরূহ হবে।”
বাংলাদেশের লক্ষ্য ছিল চারশ' রান; সেখানে ২৮২ রানে অলআউট হওয়া স্বাগতিকদের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, “ব্যাটসম্যান তো খুব বেশি ছিল না। নাসির আর মুশফিক ভাই ছিল। মুশফিক ভাই আউট হওয়ার পর নাসির সাথে সাথে আউট হয়ে যাওয়াতে তো লোয়ার অর্ডার চলে আসে। তখন আর অত বেশি রান হয় নাই।”
নিজের খেলায় সন্তুষ্ট সাকিব বলেন “আজকে মোটামুটি ভালো বোলিং করতে পেরেছি। এ কারণে তো অবশ্যই খুশি। শুধু আমি করলেই হবে না। পুরো দলের সবাইকে অবদান রাখতে হবে। সোহাগ, রাজ (আবদুর রাজ্জাক)ভাইকে ভালো করতে হবে। কাল পেসাররা যদি দ্রুত এক দুইটা উইকেট নিতে পারে আমাদের জন্য এটা হবে অনেক বড় প্লাস পয়েন্ট।”
সাকিব মনে করেন প্রথম টেস্টের তুলনায় পেসাররা ভালো করেছে। তার বলে সীমানার কাছে রুবেল হোসেনর অসাধারণ ক্যাচটির প্রশংসা করেন তিনি।
