বাংলাদেশের স্পিনারদের নিয়ে ম্যাককালামের দুশ্চিন্তা
নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন, সোমবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের স্পিনারদের সামলানোই তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে বল অনেক টার্ন করে। শ্রীলঙ্কা ও ভারতের স্পিনাররা পিচ থেকে অনেক সুবিধাও নিতে পারে। সে তুলনায় বাংলাদেশের স্পিনাররা সুবিধা নিতে না পারলেও আমার মনে হয় তারা এখন খুব ভালো করছে।”
“আগামী পাঁচ দিন বাংলাদেশের স্পিনাররা আমাদের কঠিন পরীক্ষা নেবে। তবে আমরাও এর জন্য প্রস্তুত। প্রথম টেস্টের মতো উইকেট পাওয়ার আশা করছি। তবে মিরপুরের উইকেটে সম্ভবত গতি ও বাউন্স একটু কম থাকবে। আমার মনে হয় বাংলাদেশে সফরে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
প্রথম টেস্টে হ্যাটট্রিকসহ ৮ উইকেট নেয়া সোহাগ গাজীকে নিয়ে একটু বেশিই সমীহ নিউ জিল্যান্ড অধিনায়কের কণ্ঠে। এ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, “চট্টগ্রামে সে অসাধারণ বল করেছে। এই টেস্টে আমাদের দলের প্রত্যেক ব্যাটসম্যান ওর জন্য আলাদাভাবে পরিকল্পনা নিয়েছে। মিরপুরে সাফল্য পেতে হলে ওকে ভালোভাবে সামলাতেই হবে।”
অবশ্য শুধু সোহাগ নয়, পুরো বাংলাদেশ দলকেই সমীহ করে তিনি বলেন, “বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। চট্টগ্রামে আমরা তা ভালোভাবে বুঝতে পেরেছি। প্রথম টেস্টে কখনোই তারা আমাদের কোনো সুযোগ দেয়নি। জানি এই টেস্টও আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। ইতিবাচক ফলাফল পেতে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে।”
