শুরুতেই ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ চান মুশফিক
ঢাকা টেস্ট জয়ের জন্য মরিয়া মুশফিকুর রহিম প্রথম দিন থেকেই বাংলাদেশকে চালকের আসনে দেখতে চান।
সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট। আগের দিন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিক বলেন, “টেস্টের প্রথম দুদিন খুব গুরুত্বপূর্ণ। দু'দিনেই টেস্টের গতিপথ বোঝা যাবে। আমরা প্রথম থেকেই টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাই।”
প্রথম টেস্টে ভালো খেলেও অনেক সিরিজেই পরের টেস্টে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। এবার তাই একটু বেশিই সতর্ক বাংলাদেশের অধিনায়ক।
“টানা দুটি টেস্ট ভালো করা আমাদের জন্যে কঠিন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের মূল লক্ষ্য ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখা। আমরা যদি ম্যাচটা জিতি তাহলে সিরিজও আমাদের হবে।”
ঢাকায় স্পিন সহায়ক উইকেট চান জানিয়ে মুশফিক বলেন, “চট্টগ্রামে উইকেট থেকে কোনো সহায়তা পাইনি। আশা করি এবার উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকবে। স্পিনাররা সহায়তা পেলে ওদের ২০ উইকেট নেয়া সম্ভব।”
“নতুন উইকেট হলেও এই মাঠে আমরা এর আগেও কিছু ম্যাচ খেলেছি। অভিজ্ঞতা থেকে আমরা জানি, এই উইকেটে স্পিনাররা সহায়তা পায়। পুরনো বলে পেসাররাও এখানে কিছুটা সুবিধা পায়”, যোগ করেন তিনি।
খেলোয়াড়দের ভালো খেলার আকাঙ্খা নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজের জয়ের স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ককে।
“খেলোয়াড়রা দ্বিতীয় টেস্ট জয়ের জন্যে ক্ষুধার্ত, জয়ের জন্য সবাই মুখিয়ে আছে। খেলোয়াড়রা এখন দায়িত্ব নিয়ে খেলছে। প্রত্যেকেই ব্যাক্তিগতভাবে অবদান রাখতে চায়।”
মানসিকভাবে নিজেদের এগিয়ে রেখে মুশফিক বলেন, “আমার মনে হয়ে ওরা চাপে আছে। র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ড এগিয়ে। ওরা তো চাইবে না আমাদের বিপক্ষে হেরে যেতে। তবে আমার মনে হয় ওরাও চাইবে এবার ফলাফল আসুক।”
