আবার অস্ট্রেলিয়ার বোলিং কোচ ম্যাকডারমট
দেশের মাটিতে অ্যাশেজ সিরিজের আগে আবার অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন ক্রেইগ ম্যাকডারমট।
২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়া দলের বোলিং কোচ হিসেবে কাজ করা ম্যাকডারমট বেশ সফলতা পেয়েছিলেন। ৪৮ বছর বয়সী সাবেক এই পেসারের নেতৃত্বে ২০১১-১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সফলতা পেয়েছিলেন পেসাররা। নিজেদের মাটিতে সিরিজটি ৪-০ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। সে সময় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সিরিজ জিতেছিল তারা।
অস্ট্রেলিয়া দলের সঙ্গে সফরে থাকায় পরিবারকে বেশি সময় দিতে না পারায় ২০১২ সালের মে মাসে সরে দাঁড়িয়েছেন ম্যাকডারমট। এবার আর সে সমস্যা হবে না, কারণ শুধু টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন তিনি। বর্তমান বোলিং কোচ আলি ডি উইন্টার কাজ করবেন ওয়ানডে ও টি-টিয়োন্টি দলের জন্য।
ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে অ্যাশেজ হেরে আসা অস্ট্রেলিয়া দলের পেসারদের নতুন মন্ত্রে দীক্ষা দিতে বেশি সময় পাচ্ছেন না তিনি। আগামী মাসের ২১ তারিখ ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট।
ম্যাকডারমট জানিয়েছেন, তিনি প্রধান কোচ ড্যারেন লেম্যান ও ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।
"স্বভাবতই এই গ্রীষ্মে অ্যাশেজ পুনরুদ্ধারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই চ্যালেঞ্জের জন্য বোলারদের প্রস্তুত করতে আমি যথাসম্ভব কঠোর পরিশ্রম করবো।"
