২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্থর উইকেটে হতাশ নিউ জিল্যান্ড কোচ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মন্থর, ফ্ল্যাট ও নিচু উইকেটে প্রথম টেস্টে ড্র অবশ্যম্ভাবী ছিল বলে মনে করেন নিউ জিলান্ডের কোচ মাইক হেসন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 06:17 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

ঢাকা টেস্টের উইকেট কেমন হয় তা দেখার অপেক্ষায় আছেন তিনি।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে হেসন বলেন, “চট্টগ্রামে উইকেট নেয়া দুই দলের জন্যই ভীষণ কঠিন ছিল। সেখানে টিকে থাকা সহজ হলেও রান তোলা ছিল ভীষণ কঠিন। ড্রই ঐ উইকেটের চরিত্রের সবচেয়ে ভালো প্রতিফলন।”

হেসন মনে করেন উইকেটে আরেকটু পেস ও বাউন্স থাকলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্যই সহায়ক হবে।

"এতে উইকেট নেয়ার প্রচুর সুযোগ তৈরি করা যাবে। আমার মনে হয় দুই দল এবং দর্শকরাও এটা চাইবে।”

টস জিতে প্রথম ইনিংসে ৪৬৯ রান করার পর ৮ রানে স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে শুরুটা দারুণ হয়েছিল নিউ জিল্যান্ডের। কিন্তু মমিনুল হক ও সোহাগ গাজীর দুটি প্রথম শতকে ঘুরে দাঁড়ানো শেষ পর্যন্ত লিডও নেয়।

“মমিনুল দারুণ ব্যাটিং করেছে। প্রথম দিন তাকে সোজা বল না দিয়ে অনেক বাইরে দেয়া হয়েছিল। সেদিন ওর ভাগ্যও ওর পক্ষে ছিল। তবে ও আসলেই ভালো খেলেছে। টেস্টে ১৮১ রান সহজ কাজ নয়।”

হেসনের প্রশংসা পেয়েছেন প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট এবং শতক করা সোহাগও।

“সোহাগ অনেক ওভার বল করেছে। পঞ্চম দিন প্রচুর সুযোগ তৈরি করেছে। ওর জন্য আমরা চাপ ধরে রাখতে পারিনি। একই ম্যাচে শতক আর হ্যাটট্রিকই ওর হয়ে বলে দিচ্ছে।”

শতক করা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়েরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ। তিনি বলেন, “কেন দারুণ খেলছে। এখানেও আগেও ভালো করেছে। শ্রীলঙ্কার দারুণ একটি শতক করে এসেছে। স্পিন বল ভালো খেলে, টাইমিংও ভালো। আর বিজে শুরুতে ভাগ্যের সহায়তা পেলেও প্রতিকূল কন্ডিশনেও সে তার দক্ষতা দেখিয়েছে।”

নিউ জিল্যান্ডের কোচ আবারো জানিয়েছেন ড্যানিয়েল ভেট্টরির অভাব কতটা অনুভব করছেন তিনি। দ্বিতীয় টেস্টেও টিম সাউদির খেলাটা অনিশ্চিত জানিয়ে বলেন, “আমাদের চার পেসার বা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলার সামর্থ্য রয়েছে। উইকেট দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”

বাংলাদেশ দলের সবাই এখন ঈদের ছুটিতে। সুযোগ হলে বাংলাদেশের ঈদ উৎসব উপভোগ করতে চান হেসনও। তবে এই সময়টুকু ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের প্রস্তুতির জন্য কাজে লাগানোই তার মূল পরিকল্পনা। ৪-০ ব্যবধানে হারের ক্ষত উপশম করতে এসে নতুন ঘা নিয়ে যেতে চান না তিনি।