ড্রয়ের দিকে এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট
বৃষ্টির কারণে চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা পরিত্যক্ত হওয়ায় ড্রয়ের দিকে এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট।
শনিবার তৃতীয় সেশনের পানি পানের বিরতির সময় বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। তখনো দিনের ১৫ ওভার খেলা বাকি ছিল। ৩২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভীষণ সতর্ক ব্যাটিংয়ে ৪০ ওভারে ১ উইকেটে ১১৭ রান করে নিউ জিল্যান্ড।
পিটার ফুলটন ৪৪ ও কেন উইলিয়ামসন ২৮ রানে ব্যাট করছেন। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। নয় উইকেট হাতে রেখে ৮৫ রানে এগিয়ে আছে অতিথিরা।
এর আগে উদ্বোধনী জুটি ভাঙতে বারবার বোলার পরিবর্তন করেন মুশফিকুর রহিম। সাফল্য আসতেও বেশি দেরি হয়। ষোড়শ ওভারে পঞ্চম বোলার হিসেবে বল করতে এসে দলকে প্রথম ‘ব্রেক থ্রু’ এনে দেন নাসির হোসেন। অনিয়মিত এই অফস্পিনার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হামিশ রাদারফোর্ডকে (৩২)।
মমিনুল হকের পর সোহাগ গাজীর শতকে নিউ জিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০১ রান করেছে বাংলাদেশ। সুবাদে ৩২ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ লিড পেয়েছে স্বাগতিকরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু করার পর পঞ্চম ওভারেই আব্দুর রাজ্জাক ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
স্বাগতিকদের দ্রুত অলআউট করার পরিকল্পনা নিয়ে খেলতে নামা অতিথিদের প্রথম সেশনের বাকি সময়টা ভীষণভাবে হতাশ করেছেন সোহাগ ও রবিউল ইসলাম। সকালের সেশনে রাজ্জাকের উইকেট হারিয়ে ১১১ রান যোগ করে স্বাগতিকরা।
মধ্যাহ্ন-বিরতির পর মাত্র ২৩ বল স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। বিরতির পর প্রথম ওভারেই রবিউলের (৩৩) বিদায়ে ভাঙে নবম উইকেটের ১০৫ রানের জুটি। টেস্টে এটাই রবিউলের সর্বোচ্চ রানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে নবম উইকেটে এটি দ্বিতীয় শতরানের জুটি। এর আগে গত বছর খুলনা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৪ রানের জুটি গড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও আবুল হাসান।
এগারো নম্বর ব্যাটসম্যান রুবেল হোসেন মাত্র ৭ বল খেলে বিদায় নিলেও তার আগেই প্রথম শতকে পৌঁছে যান সোহাগ। ১০১ রানে রানে অপরাজিত থাকা সোহাগের ১৬১ বলের ইনিংসে ছিল ১০টি চার ৩টি ছক্কা।
এ নিয়ে টেস্টে তৃতীয়বার পাঁচশ পেরুল বাংলাদেশ। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি বছরের গল টেস্টে সর্বোচ্চ ৬৩৮ রান করেছিল বাংলাদেশে। আর দেশের মাটিতে সর্বোচ্চ ৫৫৬ আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালের ঢাকা টেস্ট।
২০১০ সালে হ্যামিল্টনে সর্বশেষ টেস্টেই নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪০৮ রানের নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড নতুন করে লিখছে স্বাগতিকরা। চট্টগ্রামেরই এমএ আজিজ স্টেডিয়ামের ২০০৪ সালের ২৬২ ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে আগের সেরা।
৭ উইকেটে ৩৮০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। নিউ জিল্যান্ডের বিরাট সংগ্রহের জবাবে আগের দিন মমিনুল হক খেলেন ১৮১ রানের অনবদ্য ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪৬৯ (উইলিয়ামসন ১১৪, ওয়াটলিং ১০৩, ফুলটন ৭৩, বোল্ট ৫২*; রাজ্জাক ৩/১৪৭) ও ১১৭/১ (ফুলটন ৪৪*, রাদারফোর্ড ৩২, উইলিয়ামন ২৮*; নাসির ১/২০)
বাংলাদেশ: ৫০১ (তামিম ০, এনামুল ৩, মার্শাল ২৫, মমিনুল ১৮১, সাকিব ১৯, মুশফিক ৬৭, নাসির ৪৬, সোহাগ ১০১*, রাজ্জাক ৭, রবিউল ৩৩, রুবেল ৪; ব্রেসওয়েল ৩/৯৬, অ্যান্ডারসন ২/৩৪, বোল্ট ২/৫০, সোধি ২/১১২, উইলিয়ামসন ১/৮৩)
