২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমিনুলের ব্যাটে বাংলাদেশের দারুণ জবাব

বয়স মাত্র ২২, টেস্টও এর আগে খেলেছেন মাত্র তিনটি। অথচ জীবনের চতুর্থ টেস্টে কী অসাধারণ ইনিংসই না খেললেন মমিনুল হক! তার ১৮১ রানের ওপরে ভর করে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 09:46 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

মমিনুলের প্রথম টেস্ট শতক
মমিনুলের ১৯ রানের আক্ষেপ

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ৪৬৯ রানের চেয়ে তিন উইকেট হাতে নিয়ে ৮৯ রানে পিছিয়ে থাকায় স্বাগতিকরা বেশ স্বস্তিতে আছে।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেট ১০৩ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৭৩ রান যোগ করলেও হারিয়ে ফেলে অভিষিক্ত মার্শাল আইয়ু্‌বকে।

প্রথম ঘণ্টায় নিউ জিল্যান্ডের বোলাররা পিচ থেকে থেকে সামান্য সহায়তা পাওয়ায় মার্শাল তেমন স্বচ্ছন্দে ব্যাট করতে পারেননি। আগের দিন শেষে ৭৭ রানে অপরাজিত মমিনুলও বেশ নড়বড়ে ছিলেন।

প্রথম পানি পানের বিরতির ঠিক আগে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মমিনুলের সঙ্গে আগের দিনের ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিকে ১২৬ পর্যন্ত নিয়ে যাওয়ার পর ফিরে আসেন মার্শাল (২৫)। কোরি অ্যান্ডারসনের অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটরক্ষক ওয়াটলিংকে ক্যাচ দেন তিনি।

এরপর সাকিব আল হাসানের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন মমিনুল। মধ্যাহ্ন-বিরতির পর কেন উইলিয়ামসনের করা প্রথম ওভারের পঞ্চম বলে চার মেরে টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। কিন্তু পরের বল কাট করতে গিয়ে ওয়াটলিংয়ের ক্যাচে পরিণত হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার (১৯)।

মমিনুল ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে আর কোনো সাফল্য পায়নি অতিথিরা।

চা-বিরতির পরও বাংলাদেশকে সাবলীলভাবে এগিয়ে নিচ্ছিলেন দুজনে। দ্বিতীয় নতুন বলেও খেলছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে।

ব্যক্তিগত ১৭২ রানে একবার ‘জীবন’ পান মমিনুল। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম স্লিপে ক্যাচ ফেলে দিলে মনে হচ্ছিল প্রথম টেস্ট শতককে দ্বিশতক পর্যন্ত নিয়ে যাবেন তিনি। কিন্তু এই বাঁহাতি ব্যাটসম্যান আর ৯ রান করে এলবিডব্লিউ হয়ে যান বাঁহাতি পেসার কোরি অ্যান্ডারসনের বলে।

মমিনুলের ২৭৪ বলে খেলা ১৮১ রানের অসাধারণ ইনিংস সাজানো ছিল ২৭টি চারে।

১২১ রানের পঞ্চম উইকেট জুটি ভেঙ্গে যাওয়ার পর মুশফিক বেশিক্ষণ টিকতে পারেননি। ৫ বল পরই ডগ ব্রেসওয়েলের বলে স্লিপে রস টেইলরের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক।

১১৯ বলে ৬৭ রান করার পথে ১০টি চার ও ‍দুটি ছক্কা মারেন মুশফিক। টেস্টে এটা তার দ্বাদশ অর্ধ-শতক।

দুই সেট ব্যাটসম্যানকে অল্প সময়ের ব্যবধানে বিদায় করে নিউ জিল্যান্ড তখন দারুণ উজ্জীবিত। কিন্তু তাদের হতাশ করে ৭০ রানের জুটি গড়েন নাসির হোসেন ও সোহাগ গাজী।

নাসির খেলছিলেন আস্থার সঙ্গে। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার চার ওভার আগে লেগস্পিনার ইশ সোধিকে অযথা পুল করতে গিয়ে ক্যাচ ‍তুলে দেন তিনি। নাসিরের ৪৬ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।

দিন শেষে সোহাগ ২৮ ও আব্দুর রাজ্জাক ১ রানে অপরাজিত।


সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ৪৬৯ (উইলিয়ামসন ১১৪, ওয়াটলিং ১০৩, ফুলটন ৭৩, বোল্ট ৫২*; রাজ্জাক ৩/১৪৭)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮০/৭ (তামিম ০, এনামুল ৩, মার্শাল ২৫, মমিনুল ১৮১, সাকিব ১৯, মুশফিকুর ৬৭, নাসির ৪৬, সোহাগ ২৮*, রাজ্জাক ১*; অ্যান্ডারসন ২/২৩, ব্রেসওয়েল ২/৭১, বোল্ট ১/৩২, উইলিয়ামসন ১/৭৪, সোধি ১/৮৯)