মমিনুলের ১৯ রানের আক্ষেপ
মাত্র ১৯ রানের জন্য দ্বিশতক থেকে বঞ্চিত হলেন মমিনুল হক। চট্টগ্রাম টেস্টে তার পাওয়া প্রথম শতকটি থেমেছে ১৮১ রানে।
টেস্টে এটি বাংলাদেশি ব্যাটসম্যানদের তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। কোরি অ্যান্ডারসনের বলে ফ্লিক করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ২৭৪ বলের ইনিংসে ২৭ টি চার।
বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি অধিনায়ক মুশফিকুর রহিমের (২০০)। গলের সেই টেস্টেই মোহাম্মদ আশরাফুলের ১৯০ রান দ্বিতীয় সেরা।
৮ রানে ২ উইকেট পড়ার পর মাঠে নেমে দলকে ৫ উইকেটে ৩০১ রানের স্বস্তিকর জায়গায় রেখে যান মমিনুল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন সকালের সেশনে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। এ জন্য আগের দিন ৭১ বলে ৭৭ রান করা মমিনুল সময় নেন মাত্র ৩০ মিনিট। ৯৮ বলে ১৮টি চারের সাহায্যে শতকে পৌঁছান তিনি।
ওয়ানডে মেজাজে শতকে পৌঁছোনোর পর টেস্ট মেজাজে ফেরেন মমিনুল। চতুর্থ টেস্ট খেলতে নামা এই ক্রিকেটার তৃতীয় অর্ধশতক পৌঁছাতে খেলেন আরো ১০০ বল। এ সময় মাত্র তিনবার বল সীমানা ছাড়া করেন তিনি।
বাঁহাতি পেসার অ্যান্ডারসনের কারণে দ্বিশতক না হলেও এই মাঠে স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন মমিনুলেরই। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের ১৩৬ রান ছিল আগের সেরা।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের। অভিষেকেই খেলেছিলেন ৫৫ রানের ঝকঝকে এক ইনিংস। তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসের ৬৪ রানের পরও পরের সিরিজে প্রথম টেস্টে দলে জায়গা পাননি।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুবারই সেট হওয়ার পর আউট হন মমিনুল। হারারে টেস্টে ২৩ ও ২৯ রানে সাজঘরে ফেরা এই ব্যাটসম্যান চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত ছিলেন। শেষ সময়ে নাঈম ইসলামের বদলে মমিনুলকেই বেছে নেয় স্বাগতিকরা।
