ফিরেই ভারতের জয়ের নায়ক যুবরাজ
জাতীয় দলে প্রত্যাবর্তন দারুণভাবে উদযাপন করলেন যুবরাজ সিং। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।
বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০১ রান করে অস্ট্রেলিয়া।
অতিথিদের বড় সংগ্রহ গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। মাত্র ৫২ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ৮৯ রান করেন তিনি।
অভিষেকে উদ্বোধন করতে নামা নিক ম্যাডিনসনও কম যাননি। ১৬ বলে ৩৪ রান আসে তার ব্যাট থেকে।
উদ্বোধনী জুটিতে ফিঞ্চ-ম্যাডিনসন ২৯ বলে ৫৬ রান উপহার দেন দলকে।
এই দুজন ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল (১৩ বলে ২৭) শুধু বলার মতো রান করেছেন। তার চারটি ছক্কার তিনটিই এসেছে রবিচন্দ্রন অশ্বিনের এক ওভার থেকে।
ভারতের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই পেসার বিনয় কুমার (৩/২৬) ও ভুবনেশ্বর কুমার (৩/৩৫)।
জবাবে শেষ ওভারের চতুর্থ বলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৭৭ রানে অপরাজিত থেকে যুবরাজ স্বাগতিকদের জয়ের নায়ক।
৩৫ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৮টি চার ও ৫টি বিশাল ছক্কায়। ম্যাচের সেরা খেলোয়াড়ও সতীর্থদের প্রিয় ‘যুবি’।
২১ বলে ২৪ রানে অপরাজিত থেকে যুবরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৫১ বলে ১০২ রানের জুটি গড়েন দুজনে।
যুবরাজ-ধোনি ছাড়া ভারতকে জয়ের পথে পৌঁছে দিতে ভালো অবদান রেখেছেন শিখর ধাওয়ান (১৯ বলে ৩২) ও বিরাট কোহলি (২২ বলে ২৯)।
