অ্যাশেজে থাকছে না হটস্পট
আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে আলোচিত হটস্পট প্রযুক্তি থাকছে না। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে এ কথা জানিয়েছেন এ প্রযুক্তির উদ্ভাবক ওয়ারেন ব্রেনান।
গত জুলাই-অগাস্টে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে এ প্রযুক্তি নিয়ে অনেক সমালোচনা হয়। সিরিজটি ৩-০এ জিতেছিল ইংল্যান্ড।
তবে ২১ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া আসন্ন অ্যাশেজে হটস্পট না থাকার কারণ আগের বিতর্ক নয়। ব্রেনান জানিয়েছেন, খরচ কমানোর জন্যই প্রযুক্তিটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সিরিজটির সম্প্রচার সত্ত্ব পাওয়া চ্যানেল নাইন।
তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি চ্যানেল নাইন কর্তৃপক্ষ।
সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) হট স্পট ব্যবহার করে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে দেখা হয়, ব্যাটে বলে সংযোগ ঘটেছে কিনা। কিন্তু অ্যাশেজ সিরিজে ব্যাটের কানায় বেশ কয়েকবার বল লাগার ঘটনা ধরতে পারেনি হট স্পট।
ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্ট চলাকালে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন দাবি করে, ‘হট স্পট’ প্রযুক্তিতে ব্যাট-বলের স্পর্শ যাতে ধরা না পড়ে সেজন্য ব্যাটে সিলিকন টেপ লাগিয়েছেন কোনো কোনো ব্যাটসম্যান। বিশেষ করে চ্যানেলটি অভিযোগের আঙ্গুল তোলে ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের দিকে।
হট স্পটের উদ্ভাবক ব্রেনানও এই অভিযোগ তোলেন।
তবে হট স্পটকে ফাঁকি দেয়ার জন্য দলের কোনো ক্রিকেটারের যে কোনো ধরনের চেষ্টার কথা উড়িয়ে দিয়েছেন দুই দলের অধিনায়ক।
