হট স্পট বিতর্কে মুখ খুললেন উদ্ভাবক
অ্যাশেজ সিরিজে হট স্পট প্রযুক্তি নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন এর উদ্ভাবক ওয়ারেন ব্রেনান। সবচেয়ে নিখুঁত থার্মাল ইমেজিং পেতে ব্যাট থেকে প্রতিরক্ষামূলক আবরণ তুলে ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি অবশ্য আলোচিত 'সিলিকন টেপ' এর কথা উল্লেখ করেন নি। বলেছেন, ব্যাটে প্রতিরক্ষামূলক আবরণের কারণে ব্যাটের কানায় অনেক সময় বল লাগলেও তা থার্মাল ইমেজিংয়ে ঠিকমতো ধরা পড়ে না।
সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) হট স্পট ব্যবহার করে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে দেখা হয়, ব্যাটে বলে সংযোগ ঘটেছে কিনা।
কিন্তু অ্যাশেজ সিরিজে ব্যাটের কানায় বেশ কয়েকবার বল লাগার ঘটনা ধরতে পারেনি হট স্পট।
ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্ট চলাকালে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন দাবি করে, ‘হট স্পট’ প্রযুক্তিতে ব্যাট-বলের স্পর্শ যাতে ধরা না পড়ে সেজন্য ব্যাটে সিলিকন টেপ লাগিয়েছেন কোনো কোনো ব্যাটসম্যান। বিশেষ করে চ্যানেলটি অভিযোগের আঙ্গুল তোলে ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের দিকে।
হট স্পটের উদ্ভাবক ব্রেনান ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন মাইকেল ভনকে এক টুইটে বলেন, "মাইকেল তদন্ত করার সময় এসেছে কেন খেলোয়াড়রা তাদের ব্যাটের কোনায় ফাইবার গ্লাসের টেপ লাগাচ্ছে।"
তবে হট স্পটকে ফাঁকি দেয়ার জন্য দলের কোনো ক্রিকেটারের যে কোনো ধরনের চেষ্টার কথা উড়িয়ে দিয়েছেন দুই দলের অধিনায়ক।
এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করলেও এর আগে এ বিতর্কে কোনো মন্তব্য করেননি ব্রেনান।
বিবৃতিতে তিনি বলেন, তার প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস সর্বশেষ ব্যাটগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এতে তারা প্রমাণ পেয়েছেন ব্যাটের প্রতিরক্ষামূলক আবরণ ব্যাটের কানায় বলের স্পর্শ দেখানোর সম্ভাবনা অনেকখানি কমিয়ে দেয়।
বিবিজির বিবৃতিতে বলা হয়, “এটা খুব অদ্ভুত ব্যাপার প্রতিরক্ষামূলক আবরণ ব্যাটের কানার অর্ধেক অংশে লাগানো, পুরোটায় নয়। বিবিজি স্পোর্টস বিশ্বাস করে এ কারণেই ব্যাটের সামনের কানার থার্মাল সিগনেচার পেছনেরটার চেয়ে কম। হট স্পটের সবচেয়ে ভালো ফলাফলের জন্য ব্যাটের কানার প্রতিরক্ষামূলক আবরণ সরিয়ে ফেলতে হবে। এটাই ক্রিকেট বল ও ব্যাটের সেরা থার্মাল সিগনেচার নিশ্চিত করবে।”
অনেক বছর ধরেই ব্যাটসম্যানরা ব্যাটে প্রতিরক্ষামূলক আবরণ ব্যবহার করছেন। তাই আইসিসি সহসাই আবরণ সরিয়ে ফেলার নির্দেশ নাও দিতে পারে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, তার বয়স যথন ১২ তখন থেকেই প্রতিটি ব্যাটের আয়ু বাড়াতে প্রতিরক্ষামূলক আবরণ দেখেছেন।
তবে আইসিসির আম্পায়ার ম্যানেজার সাইমন টোফেল এ ধরনের আবরণ ব্যবহারের বিপক্ষে। তিনি বলেন, কারো ব্যাটের কানায় এ ধরনের কোনো আবরণ পাওয়া গেলে তা হবে আচরণ বিধি ভঙ্গের সামিল।
