সিলিকন টেপ নিয়ে হট স্পট উদ্ভাবকের উদ্বেগ
অ্যাশেজ সিরিজে ব্যাটে প্রলেপ লাগিয়ে হট স্পটকে ফাঁকি দেয়ার বিষয়টি নিয়ে আইসিসির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন এ প্রযুক্তির উদ্ভাবক ওয়ারেন ব্রেনান।
সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) হট স্পট ব্যবহার করে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে দেখা হয়, ব্যাটে বলে সংযোগ ঘটেছে কিনা।
প্রথম দুই টেস্টে ডিআরএস এর ব্যবহার নিয়ে সমালোচনা তো ছিলই, তৃতীয় টেস্টে যোগ হয় 'সিলিকন টেপ' বিতর্ক। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন দাবি করে, ‘হট স্পট’ প্রযুক্তিতে ব্যাট-বলের স্পর্শ যাতে ধরা না পড়ে সেজন্য ব্যাটে সিলিকন টেপ লাগিয়েছেন কোনো কোনো ব্যাটসম্যান। বিশেষ করে চ্যানেলটি অভিযোগের আঙ্গুল তোলে ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের দিকে।
হট স্পটের উদ্ভাবক ব্রেনান গত সোমবার ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন মাইকেল ভনকে এক টুইটে বলেন, "মাইকেল তদন্ত করার সময় এসেছে কেন খেলোয়াড়রা তাদের ব্যাটের কোনায় ফাইবার গ্লাসের টেপ লাগাচ্ছে।"
তবে গণমাধ্যমে ব্রেনান কোনো মন্তব্য করেনি। কিন্তু চ্যানেল নাইন জানায়, ব্রেনান আইসিসির কাছে এ নিয়ে তার চরম উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি মনে করছেন, ব্যটে সিলিকন টেপের প্রলেপ থাকলে ব্যাটের কানায় বল লাগলেও তা হট স্পটে ধরা না পড়তে পারে।
আইসিসির মহা ব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস নিশ্চিত করেন, তিনি ব্রেনানের সঙ্গে আলোচনা করেছেন। পরে ব্রেনান তার উদ্বেগ নিয়ে একটি ই-মেইলও করেছেন।
"তিনি আমাদের জানিয়েছেন যে, তার কোম্পানি পরীক্ষা করে দেখেছে সিলিকন টেপ লাগালে ব্যাটের কানায় হট স্পটের চিহ্ন অনেক সময় পড়ে না। তিনি এ ব্যাপারে গণমাধ্যমে একটি বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন।"
"আমরা এ নিয়ে কথা বলেছি। এটা তার কোম্পানি, তার প্রযুক্তি, সে গণমাধ্যমে তার মতো কিছু বলার অধিকার রাখে", যোগ করেন তিনি।
তবে অ্যালারডাইস শক্ত কোনো প্রমাণ ছাড়া গণমাধ্যমের সামনে যেন খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ না তোলা হয় সে ব্যাপারে ব্রেনানকে সতর্ক করে দেন।
এদিকে অ্যালারডাইস সিলিকন টেপ নিয়ে দুই দলের সঙ্গেও কথা বলেছে বলে চ্যানেল নাইন যে দাবি করেছে তা উড়িয়ে দিয়েছে আইসিসি।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, "গণমাধ্যমের এসব প্রতিবেদন সম্পূর্ণ অসত্য। জিওফ অ্যালারডাইস দুই দল ও আম্পায়ারদের সঙ্গে কথা বলেছেন আগামী দুটি টেস্টে ডিআরএস প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা নিয়ে।"
চ্যানেল নাইন বিশেষ করে সিলিকন টেপ ব্যবহারের অভিযোগ তোলে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কেভিন পিটারসেনের কট বিহাইন্ডের ঘটনা নিয়ে। পিটারসেনের আউটের সময় ব্যাট-বল স্পর্শের আওয়াজ পাওয়া গেলেও হট স্পটে তা ধরা পড়েনি।
চ্যানেল নাইনের এ অভিযোগের পর তীব্র প্রতিক্রিয়া জানান ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যটসম্যান। চ্যানেলটির প্রতিবেদনকে ‘ভয়াবহ সাংবাদিকতা’ ও ‘কষ্টদায়ক মিথ্যা’ বলে অভিহিত করেছেন এই ম্যাচে প্রথম ইনিংসে শতক করা পিটারসেন।
এ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, “আউট হতে আমি কখনো ভয় পাই না। বল আমার ব্যাটের কানায় লেগে ক্যাচ হলেই হাঁটতে শুরু করবো। আমার বিরুদ্ধে সিলিকন দিয়ে ব্যাট মোড়ানোর অভিযোগ ওঠায় আমি ক্ষুব্ধ।”
অস্ট্রেলিয়া অধিনায়ক ক্লার্কও জানান, দলের কোনো ক্রিকেটারের সিলিকন টেপ বা হট স্পটকে ফাঁকি দিতে অন্য কোনো কিছু ব্যবহার করেনি।
