বিপর্যয় কাটিয়ে প্রতিরোধ মমিনুল, মার্শালের
নিউ জিল্যান্ডের বিরাট সংগ্রহের জবাবে ইনিংসের শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের মমিনুল হক ও মার্শাল আইয়ুব।
তাদের দৃঢ়তায় বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। তবে এখনো ৩৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।
ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে ফিরছেন তামিম।
এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরত আসছেন এনামুল।
চা বিরতির পর বাংলাদেশে ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও এনামুল হক। ইনিংসের প্রথম বলটি ওয়াইড, পরের বলও বেশ বাইরে করেছিলেন ট্রেন্ট বোল্ট। সেই বল তাড়া করতে গিয়ে গালিতে কেন উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম।
ডগ ব্রেসওয়েলের করা পরের ওভারে ‘নো’ বলের কল্যাণে একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি এনামুল। ব্রেসওয়েলের পরের ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
উইকেটে নেমেই পাল্টা আক্রমণে যান মমিনুল। স্পিনার ব্রুস মার্টিনের করা সপ্তম ও ব্রেসওয়েলের করা অষ্টম ওভারে তিনটি করে চার হাঁকিয়ে চাপটা সরিয়ে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার অর্ধশতক এসেছে মাত্র ৩৬ বলে, কোরি অ্যান্ডারসনের বলে চার হাঁকিয়ে।
১৩৫ বলে ৯৫ রানে অবিচ্ছিন্ন জুটিতে মার্শালের অবদানও কম নয়। ২১ রান করতে ৭৪ বল খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এর আগে বৃহস্পতিবার প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউ জিল্যান্ড। অতিথিদের এ সংগ্রহে বড় অবদান শতরানের দশম উইকেট জুটির।
শতরানের দশম উইকেট জুটিতে নিউ জিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ওয়াটলিং ও বোল্ট।
এই জুটি ভাঙ্গতে মধ্যাহ্ন-বিরতির আগে অতিরিক্ত ত্রিশ মিনিট সময় দেয়া হয় বাংলাদেশকে। উল্টো পরের সেশনও (দ্বিতীয়) সাবলীলভাবে ব্যাট করেন দুজনে। অবশেষে ওয়াটলিংকে স্ট্যাম্পিং করে ১২৭ রানের জুটি ভাঙ্গেন এই অনিয়মিত বাঁহাতি স্পিনার মমিনুল হক। এটাই তার প্রথম টেস্ট উইকেট।
শতক করে ব্যাট তুলছেন ওয়াটলিং। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ষোড়শ টেস্ট খেলতে নেমে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন অতিথিদের এগারো নম্বর ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট। ৫২ রানে অপরাজিত বোল্টের ১৩৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি বিশাল ছক্কা।
দশম উইকেটে এটি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০০৪ সালে ঢাকায় ১৩৩ রানের জুটি গড়েছিলেন শচীন টেন্ডুলকার ও জহির খান।
এর আগে কেন উইলিয়ামসনের শতকে ৫ উইকেটে ২৮০ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। অতিথিদের লক্ষ্য ছিল সাড়ে তিনশ থেকে চারশ রান। টেল এন্ডারদের সঙ্গে ওয়াটলিংয়ের প্রতিরোধে শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছাড়িয়ে গেছে নিউ জিল্যান্ড।
নাইট ওয়াচম্যান মার্টিনকে কট বিহাইন্ড করে দ্বিতীয় দিনের প্রথম উইকেটটি নেন রুবেল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ব্রেসওয়েলের সঙ্গে ওয়াটলিংয়ের ৫৭ রানের জুটি স্বাগতিকদের হতাশ করে নিউ জিল্যান্ডকে সাড়ে তিনশ রানের কাছাকাছি নিয়ে যায়। ব্রেসওয়েলকে (২৯) বোল্ড করে সোহাগ গাজী বিপজ্জনক জুটি ভাঙ্গার পর সাকিব আল হাসান অভিষিক্ত ইশ সোধিকে এলবিডব্লউর ফাঁদে ফেললে উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। কিন্তু শতরানের জুটিতে বাংলাদেশকে হতাশায় ডোবান ওয়াটলিং ও বোল্ট
ব্রেসওয়েলকে আউট করে বিপজ্জনক জুটি ভাঙা সোহাগ গাজীকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অভিষিক্ত ইশ সোধিকে ফিরেয়ে দেন সাকিব আল হাসান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৪৬৯ (ফুলটন ৭৩, রাদারফোর্ড ৩৪, উইলিয়ামসন ১১৪, টেইলর ২৮, ম্যাককালাম ২১, মার্টিন ১, অ্যান্ডারসন ১, ওয়াটলিং ১০৩, ব্রেসওয়েল ২৯, সোধি ১, বোল্ট ৫২*; রাজ্জাক ৩/১৪৭, সোহাগ ২/৭৯, সাকিব ২/৮৯, মমিনুল ১/১০, নাসির ১/১৯, রুবেল ১/৭৭)
বাংলাদেশ: ১০৩/২ (তামিম ০, এনামুল ৩, মার্শাল ২১*, মমিনুল ৭৭*; বোল্ট ১/৫, ব্রেসওয়েল ১/২৫)
