বেলা শেষের ২ উইকেটে বাংলাদেশের স্বস্তি
কেন উইলিয়ামসনের শতকে ভর করে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল নিউ জিল্যান্ড। দিনের শেষ দুই ওভারে দু'টি উইকেট কিছুটা স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে।
৮৯ তম ওভারে সাকিব আল হাসানের দারুণ একটি বলে পরিষ্কার এলবিডব্লিউ হন উইলিয়ামসন। আর দিনের শেষ ওভারের পঞ্চম বলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে এলবিডব্লিউ করেন আবদুর রাজ্জাক। এই উইকেটের পরই আম্পায়াররা প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করলে নিউ জিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৮০ রান।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া নিউ জিল্যান্ডকে ভালো সূচনা এনে দেন হামিশ রাদারফোর্ড ও পিটার ফুলটন।
উইলিয়ামসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব।
ম্যাককালামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাজ্জাক।
সকালের প্রথম ঘণ্টায় দুই বছর পর টেস্ট খেলতে নামা রাজ্জাক আর সোহাগের বিপক্ষে ভীষণ সতর্ক ছিলেন রাদারফোর্ড ও ফুলটন। কাজ হচ্ছিল না দেখে বিশতম ওভারে আক্রমণে আনেন নিউ জিল্যান্ডের বিপক্ষে দারুণ সফল সাকিব আল হাসানকে।
সোহাগের বলে আবদুর রাজ্জাককে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন হ্যামিশ রাদারফোর্ড।
২৩তম ওভারে বিদায় নেয়ার আগে ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশে এটাই অতিথিদের সবচেয়ে ভালো সূচনা।
দ্বিতীয় উইকেটে স্বাগতিক বোলারদের আরো হতাশ করেছেন রাদারফোর্ড ও উইলিয়ামসন। তবে চা-বিরতিতে যাওয়ার আগে পিটার ফুলটনের সঙ্গে উইলিয়ামসের রেকর্ড জুটি ভাঙেন নাসির হোসেন।
নাসিরের বলে আউট হয়ে হতাশ হয়ে ফিরছেন ফুলটন
ফুলটনের ১৯৮ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। এ রান করা পথে দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন তিনি। বাংলাদেশের বিপক্ষে এই জুটিতে এটাই সর্বোচ্চ রান। পাঁচ বছর আগে এই মাঠেই ৯০ রানের জুটি গড়েছিলেন অ্যারন রেমন্ড ও জেসি রাইডার।
তৃতীয় উইকেটে রস টেইলরের সঙ্গে ৬১ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন উইলিয়ামসন। নতুন বল নেয়ার আগের ওভারে বিপজ্জনক টেইলরকে ফিরিয়ে দিয়ে দলকে তৃতীয় সাফল্য এনে রাজ্জাক। ব্যাটের কানায় বল লাগিয়ে কাভারে বদলি নাঈম ইসলামের হাতে সহজ ক্যাচ দেন টেইলর (২০)।
দিনের শেষ ওভারের আগের ওভারে শতক হাকানো উইলিয়ামসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে স্বাগতিকদের আরেকটি সাফল্য এনে দেন সাকিব। বিদায় নেয়ার আগে অবশ্য টেস্টে চতুর্থ ও বাংলাদেশের বিপক্ষে প্রথম শতকটি আদায় করে নেন ২৩ বছর বয়সী উইলিয়ামসন (১১৪)। তার ২১০ বলের ইনিংসে ছিল ১২টি চার।
ক্যারিয়ারে চতুর্থ টেস্ট সেঞ্চুরি পেলেন কেন উইলিয়ামসন।
শেষ ওভারের পঞ্চম বলে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন রাজ্জাক।
এ টেস্টে দেশের ৬৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মার্শাল আইয়ুবের। ম্যাচ শুরুর আগে তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন সাবেক অধিনায়ক আকরাম খান।
দুই বছরের বেশি সময় পরে টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০১১ সালের অগাস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ খেলেছিলেন তিনি।
পরীক্ষার জন্য জিম্বাবুয়ে সফরে না যাওয়া এনামুল হক বিজয়ও দলে ফিরেছেন। এর আগে একটি টেস্টই খেলেছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
টেস্ট দলে ফেরার জন্য সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপেক্ষা আরো বাড়ছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে বাদ পড়েন তিনি। জায়গা হয়নি অলরাউন্ডার নাঈম ইসলাম ও পেসার আল-আমিনের।
নিউ জিল্যান্ড দলে অভিষেক হয়েছে লেগ স্পিনার ইস সোধি ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের।
সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ২৮০/৫ (ফুলটন ৭৩, রাদারফোর্ড ৩৪, উইলিয়ামসন ১১৪, টেইলর ২৮, ম্যাককালাম ২১, মার্টিন ০*; রাজ্জাক ২/১০০, নাসির ১/৫, সাকিব ১/৩৪, সোহাগ ১/৫৬)
