২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলটনের লক্ষ্য ৪০০ রান

২৮০ রানে পাঁচ বিশেষজ্ঞ ব্যাটসম্যান বিদায় নিলেও পিটার ফুলটন মনে করেন, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের পক্ষে ৪০০ রান করা সম্ভব।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 07:34 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অতিথিদের উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “দিনের শেষ দুই ওভারে কেন (উইলিয়ামসন) ও ব্রেন্ডনের (ম্যাককালামের) বিদায় আমাদের জন্য হতাশাজনক। তবে স্কোর বোর্ডে এরই মধ্যে ২৮০ রান জমা পড়েছে। বাকি ব্যাটসম্যানদের পক্ষে সংগ্রহটা ৩৫০ থেকে ৪০০ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব।”

“প্রথম ৮৫ ওভার আমরা খুবই ভালো ব্যাট করেছি। তিন উইকেট নিয়ে প্রথম দিনের খেলা শেষ করতে পারলে খুব ভালো হতো। তবে ৪০০ করতে পারলে আমাদের বোলাররা লড়াই করার মতো পুঁজি পাবে।”

উইকেট নিয়ে বাংলাদেশ দল হতাশ। ফুলটন অবশ্য জানালেন অন্য কথা। তিনি বলেন, “আমরা এমন উইকেটেরই প্রত্যাশা করেছিলাম। এই উইকেট মন্থর ও নিচু। তেমন বাউন্স নেই। সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে বল টার্ন করছে। আমরা এমন উইকেট পাওয়ার প্রত্যাশা নিয়েই এসেছি।”

২০১০ সালের নভেম্বরে টেস্ট অভিষেকে শতক করেছিলেন কেন উইলিয়ামসন। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলার ঠিক আগের মাসে বাংলাদেশ সফরেও প্রথম ওয়ানডে শতক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

বুধবারও উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ১১৪ রানের অনবদ্য ইনিংস। সংবাদ সম্মেলনে সতীর্থের প্রশংসা করে ফুলটন বলেন, “স্পিনের বিপক্ষে কেন (উইলিয়ামসন) দারুণ ব্যাটসম্যান। আজ আমাদের সব ব্যাটসম্যান স্পিন বল ভালো খেলেছে। পুরো সিরিজে এটা ধরে রাখতে চাই।”