প্রথম টেস্টের নিয়ন্ত্রণ আমাদের হাতে: নাসির
দিনের শেষ ভাগের সাফল্যে নাসির হোসেন উচ্ছ্বসিত। তার দৃঢ় বিশ্বাস, প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাসির বলেন, “শুরুটা তেমন ভালো না হলেও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। শেষ ঘণ্টায় ওদের তিন জন ব্যাটসম্যানকে আউট করতে পেরেছি। ম্যাচ আমাদের হাতেই আছে, আমরা খুব ভালো অবস্থানে আছি।”
৮০ ওভার শেষে নতুন বল নেয়ার পর প্রথম ওভারটা করেন রুবেল হোসেন। এরপর অন্য পেসার রবিউল ইসলাম নয়, বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বল তুলে দেন আব্দুর রাজ্জাকের হাতে।
রুবেলও আর বল পাননি, তার জায়গায় বল করতে আসেন সাকিব আল হাসান। দুই বাঁহাতি স্পিনারই বাংলাদেশের উল্লাসের উপলক্ষ্য। রাজ্জাক রস টেইলর ও ব্রেন্ডন ম্যাককালামকে এবং সাকিব শতক করা কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেয়ায় ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
প্রথম দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটন জানিয়েছেন, প্রথম ইনিংসে তাদের পক্ষে ৪০০ রান করা সম্ভব। এ প্রসঙ্গে জানতে চাইলে নাসির বলেন, “ওরা ৪০০ করতে চায়? আমাদের পরিকল্পনা হবে তা করতে না দেয়া (হাসি)। ওদের তাড়াতাড়ি অলআউট করাই আমাদের লক্ষ্য।”
এই ফুলটনকেই আউট করার উদযাপন প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটু লজ্জাই পেলেন নাসির। তিনি বলেন, “সত্যি বলতে কী, বলটা খুবই বাজে ছিল। বলটা হাত থেকে ছোটার পরই বুঝেছি চারের বল। তবে উইকেট পাওয়াই আসল কথা (হাসি)।”
সংবাদ সম্মেলনের শুরু থেকে মুখে হাসি লেগে থাকলেও উইকেট সম্পর্কে জানতে চাইলে নাসিরের হাসি উধাও হয়ে যায়। বেশ হতাশা নিয়ে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম উইকেট টার্নিং হবে। কিন্তু আমাদের প্রত্যাশামতো বল টার্ন করেনি। শেষ আধ ঘণ্টা একটু টার্ন করেছে। আশা করি কালও (বৃহস্পতিবার) এরকম টার্ন করবে।”
“দেখুন নিউ জিল্যান্ড যে এই মাসে আসবে, তা আমরা এক বছর আগে থেকেই জানতাম। আমরা স্পিন ট্র্যাক পাওয়ার আশা করেছিলাম। কিন্তু উইকেটটা আমার মন মতো হয়নি। স্পিনিং উইকেট হলে হয়তো আমরা আজই ব্যাটিংয়ে নামতাম।”
টস জিতলে ব্যাটিং করার কথা জানিয়ে নাসির আরো বলেন, “সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে উইকেট ভাঙ্গছে। উইকেট ভাঙ্গলে বল টার্ন করবেই। দ্বিতীয় ইনিংসে আরো বেশি টার্ন করবে। আমরা অবশ্য সেজন্য প্রস্তুতি নিয়েছি।”
