সিরিজ শুরুর আগে জার্গেনসেনের সন্তুষ্টি
নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য সেই জুন থেকেই প্রস্তুতি নিচ্ছেন শেন জার্গেনসেন। তাই অতিথিদের বিপক্ষে ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশের প্রধান কোচের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জার্গেনসেন বলেন, “আমরা সেই জুন থেকে এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ফিটনেস ক্যাম্প করেছি, চট্টগ্রামে আসার আগে প্রচুর পরিশ্রম করেছি। এই সিরিজে আমরা ইতিবাচক ফল আশা করছি।”
অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের খেলার সম্ভাবনা প্রসঙ্গে জার্গেনসেন বলেন, “আমাদের লাইনআপ প্রায় চূড়ান্ত। কেবল বোলিং বিভাগ নিয়ে একটু কাজ বাকি। রাজ্জাক স্কোয়াডে আছেন, তার খেলার ভালো সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।”
আবহাওয়ার কারণে শেষ পাঁচদিন আদর্শ প্রস্তুতি নিতে না পারার হতাশা থাকলেও খেলোয়াড়দের পরিশ্রমী মানসিকতা মুগ্ধ করেছে প্রধান কোচকে।
দলে কোনো চোট সমস্যা নেই। একটু সমস্যা ছিল পেসার রবিউল ইসলামের। তিনিও সম্পূর্ণ সুস্থ। স্কোয়াডে থাকা ১৪ খেলোয়াড়ের সবাই খেলার জন্য প্রস্তুত বলে জানান জার্গেনসেন।
আগের দিন ফিল্ডিং নিয়ে হতাশ হলেও মঙ্গলবার জার্গেনসেনের সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন ক্রিকেটাররা।
“আজ আমাদের ফিল্ডিং ভালো হয়েছে। গতকাল আউটডোরে আমাদের প্রথম অনুশীলন আমরা যেমন চাই, তেমন মানের হয়নি। তবে ওরা আজ ভালোই করেছে।”
“উইকেট দুই দলের জন্যই একরকম হবে। আমার মনে হয় এই মুহূর্তে আমরা একটু সুবিধাজনক অবস্থায় আছি। তবে খেলা শুরু হলে আরো ভালো বুঝতে পারবো। পিচ খুব ভালো অবস্থায় রয়েছে। আমার মনে হয় পিচের আচরণ কেমন হবে তা আবহাওয়ার উপরও নির্ভর করবে,” নতুন উইকেট সম্পর্কে বলেন বাংলাদেশের এই অস্ট্রেলিয়ান কোচ।
