২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর টানা ষষ্ঠ হার

হেরেই চলেছে আবাহনী লিমিটেড। সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ১৩ রানে হারে তারা। লিগে আবাহনীর এটা টানা ষষ্ঠ পরাজয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 06:18 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে সামান্য দেরি হওয়ায় এর দৈর্ঘ্য কমে ৪৯ ওভারে নেমে আসে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী।

বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভালোই বেধে রেখেছিল আবাহনীর বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রান সংগ্রহ করে গাজী ট্যাঙ্ক। দলীয় সর্বোচ্চ ৪২ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ইমরুল কায়েস।

আবাহনীর পক্ষে ২৭ রানে তিন উইকেট নেন স্পিনার আল আমিন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় আবাহনী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে প্রয়োজনীয় রান রেটেরে সঙ্গে পাল্লা দিয়ে জিততে পারেননি তারা। আট উইকেটে ১৭৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৪ রান করেন তালিনা কান্দাম্বি।

গাজী ট্যাঙ্কের পক্ষে ৩৯ রানে তিন উইকেট নিয়ে সফল বোলার জ্যাকব ওরাম।    

সাত ম্যাচে মাত্র একটিতে জেতা আবাহনীর পয়েন্ট ২। সমান ম্যাচে গাজীর পয়েন্ট ১০।