২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের প্রশংসায় মুশফিক

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়ায় আফগানিস্তান দলের দারুণ প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তার মতে, অল্প সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী দল হিসেবে আফগানিস্তানের উঠে আসাটা ক্রিকেটের জন্য ভালো একটা খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 04:23 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান

গত শুক্রবার আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের (ডব্লিউসিএল) শেষ ম্যাচে কেনিয়ানদের ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি।

আফগান ক্রিকেটের প্রশংসা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) মুশফিক বলেন, “একটা শক্তিশালী দল হিসেবে আফগানিস্তানের গড়ে ওঠা (আইসিসির) সহযোগী দেশগুলোর জন্য এমনকি পুরো ক্রিকেট বিশ্বের জন্যই ভালো খবর।”

আফগান ক্রিকেটারদের প্রশংসাও করেন বাংলাদেশ অধিনায়ক, “আফগানিস্তানের উন্নতির এই প্রক্রিয়াটা দারুণ উপভোগ্য। অতি অল্প সময়ে দলটি অনেকটা পথ পাড়ি দিয়েছে। আর বিশ্বকাপে সুযোগ পাওয়াসহ যে সাফল্য তারা পেয়েছে, তা তাদের খেলোয়াড়দের লক্ষ্য ও মেধার প্রমাণ দেয়।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সুবাদে আফগানিস্তানের মোহাম্মদ নবি, মোহাম্মদ শাহজাদ ও গুলবাদিন নাইবকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছিলেন মুশফিক। তাদের সম্পর্কে মুশফিক বলেন, "প্রতিবারই তাদের মধ্যে মনোযোগী ও দ্রুত শেখার মানসিকতা খুঁজে পেয়েছি। ওরা কঠিন পরিশ্রম করে এবং প্রকৃতিগতভাবেই মেধাবী।”

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজেন ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির ১১তম বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় ঐ টুর্নামেন্টে বাংলাদেশ ও আফগানিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। ১৮ ফেব্রুয়ারি একে অপরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ এশিয়ার দল দুটি।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, “২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি আমি। আমি নিশ্চিত, এই সময়ের মধ্যে ওরা আরো অভিজ্ঞ হওয়ার সঙ্গে সঙ্গে আরো ভালো দল হয়ে উঠবে।”

বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তানের গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বাছাইপর্ব খেলে আরেকটি দলও খেলবে তাদের সঙ্গে।

আফগানিস্তান বিশ্বকাপের আসরে জায়গা করে নেওয়ায় দলটিকে অভিনন্দন জানিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও।