ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান
ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে আফগানিস্তানের। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে কেনিয়াকে হারাতে হতো তাদের। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের (ডব্লিউসিএল) শেষ ম্যাচে কেনিয়ানদের সহজেই ৭ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৩ বলে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় কেনিয়া। পাঁচ বার বিশ্বকাপে খেলা দলটির পক্ষে মরিস ওউমা (৩৯) ও রাকেপ প্যাটেল (১৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
আফগানিস্তানের পক্ষে হামজা হোতাক তিনটি এবং দুটি করে উইকেট নেন হামিদ হাসান, করিম সাদিক ও অধিনায়ক মোহাম্মদ নবি।
জবাবে নবির অপরাজিত ৪৬ রান ২০ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে দেয় আফগানিস্তানকে।
নিয়মানুযায়ী ডব্লিউসিএলের সেরা দুই দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। আইরিশদের অনুসরণ করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাচ্ছে আফগানরাও।
তবে ডব্লিউসিএলের বাকি ছয় দল নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, কেনিয়া, নামিবিয়া, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের আশা শেষ হয়ে যাচ্ছে না।
আগামী ১৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাই পর্বে হংকং, পাপুয়া নিউ গিনি, নেপাল ও উগান্ডার সঙ্গে খেলবে তারা। ঐ প্রতিযোগিতার সেরা দুই দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
