ফাইনালে মুখোমুখি টেন্ডুলকার-দ্রাবিড়
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই ৬ উইকেট ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়েছে।
রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠেয় ফাইনালে আবার দেখা হচ্ছে দুই ব্যাটিং-কিংবদন্তির। এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মুম্বাই ও রাজস্থান। ঐ ম্যাচে রাজস্থান জিতেছিল সহজেই।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি দ্রাবিড়ের জীবনের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট।
টেন্ডুলকারও এই টুর্নামেন্টের পর টেস্ট ছাড়া অন্য কিছু না খেলার কথা জানিয়ে রেখেছেন।
শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৩ রান করে ত্রিনিদাদ।
সর্বোচ্চ ৬২ রান আসে উদ্বোধনী ব্যাটস্যান এভিন লুইসের ব্যাট থেকে। ৪৬ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। ৩০ বলে দুটি করে চার ও ছক্কায় ৪১ রান করে অপরাজিত থাকেন ইয়ানিক ওটলি।
জবাবে ম্যাচ সেরা ডোয়াইন স্মিথের (৩৮ বলে ৫৯) সঙ্গে টেন্ডুলকারের ১১ ওভার স্থায়ী ৯০ রানের উদ্বোধনী জুটি জয়ের পথে এগিয়ে দেয় আইপিএল চ্যাম্পিয়নদের।
লেন্ডল সিমন্সের বলে উইকেটরক্ষক দীনেশ রামদিনের ক্যাচে পরিণত হওয়ার আগে ৩১ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ৩৫ রান করেন টেন্ডুলকার। এই ইনিংস খেলার পথে সব মিলিয়ে ষোড়শ ও প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৫০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি।
স্মিথ-টেন্ডুলকারের বিদায়ের পর অধিনায়ক রোহিত শর্মা (২৫) ও দীনেশ কার্তিকের (২১ বলে অপরাজিত ৩৩) দুটো কার্যকর ইনিংস ৫ বল হাতে রেখে জয় এনে দেয় মুম্বাইকে।
১৭ রানে ৩ উইকেট নিয়ে অফস্পিনার সুনীল নারায়ণ ত্রিনিদাদের সেরা বোলার।
