২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা পরিত্যক্ত হওয়ায় হতাশ ফুলটন

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ভীষণ হতাশ নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান পিটার ফুলটন।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে নিউ জিল্যান্ড দল।

অনুশীলনের ফাঁকে এই দীর্ঘদেহী উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “বৃষ্টির কারণে পুরো একদিনের খেলা পরিত্যক্ত হওয়া হতাশাজনক। আশা করি আবহাওয়া ভালো হবে আর প্রথম টেস্টের আগে আমরা প্রস্তুতি নেয়ার সুযোগ পাবো।”

“এখানে আসার আগে কলম্বোতে আমরা একটি ভালো সপ্তাহ কাটিয়েছি। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সম্ভব হলে পুরো একদিন ব্যাটিং আর অন্যদিন ফিল্ডিং করতে চাই আমরা।”

প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সম্পূর্ণ নতুন। এই উইকেটে এখনো কোনো ম্যাচ হয়নি। উইকেট প্রসঙ্গে ফুলটন বলেন, “আমাদের ধারণা মন্থর, স্পিনসহায়ক উইকেট হবে। তবে আমরা যে কোনো উইকেটে খেলতে প্রস্তুত।”

“আমাদের প্রথম ছয় ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারলে দলকে বড় সংগ্রহ এনে দিতে পারবো।”

২০১০ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে হেরে যাওয়া নিউ জিল্যন্ড মুশফিকুর রহিমের দলকে ভীষণ সমীহ করছে। ফুলটন বলেন, “ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। সাকিব অসাধারণ ক্রিকেটার।”