মাহমুদুল্লাহর অনুপ্রেরণা পাঁচ বছর আগের সিরিজ
পাঁচ বছর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজ হেরে গেলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষের সঙ্গে আসন্ন লড়াইয়ে ঐ সিরিজ থেকে অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে বাংলাদেশের সহ-অধিনায়ক বলেন, “ওদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে আমরা ভালো খেলেছিলাম। সেটা এবারও ভালো খেলার অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা ওদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছি।”
মাহমুদুল্লাহ আরো বলেন, “আমরা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চাই। আশা করি স্পিন সহায়ক উইকেট হবে। সেক্ষেত্রে স্পিনাররা বাড়তি সহায়তা পাবে। সাকিব, সোহাগ আছে, রাজ্জাক ফিরেছে। দুই পেসার রুবেল আর আল-আমিনও ভালো করছে। জিম্বাবুয়েতে সর্বশেষ সফরে রবিউল খুব ভালো খেলেছে। ব্যাটসম্যানরাও ছন্দে আছে। নিজেদের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমি আশাবাদী।”
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ৯ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হবে। ২০০৮ সালের অক্টোবরে এই মাঠে নিউ জিল্যান্ডের কাছে প্রথম টেস্ট তিন উইকেটে হেরে যাওয়ার পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ড্র করেছিল বাংলাদেশ।
এ বছর টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ মাহমুদুল্লাহ। মার্চে শ্রীলঙ্কা সফরে তিন ইনিংসে মাত্র ৮ রান করার পর এপ্রিলে জিম্বাবুয়েতে প্রথম টেস্টে ৩ ও ২১ রান এসেছিল তার ব্যাট থেকে। এই ব্যর্থতার জের ধরে বাদ পড়ে যান দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে।
তবে তাই বলে নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিন্দু মাত্র চাপে নেই বাংলাদেশের সহ-অধিনায়ক। তিনি বলেন, “আমি কোনো চাপ অনুভব করছি না। টেস্টে তিন/চারটা ইনিংস হয়তো ভালো খেলতে পারিনি। তবে একবার উইকেটে সেট হতে পারলে আশা করি বড় ইনিংস খেলতে পারবো।”
