২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন: ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে (এনএসসি) নির্বাচন কমিশনে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 07:59 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

তিনটি ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে নির্বাচন হচ্ছে। নির্বাচন হবে ১০ অক্টোবর।

‘এ’ ক্যাটাগরিতে ১০ জন পরিচালক নির্বাচন করবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কাউন্সিলররা দুজন করে পরিচালক নির্বাচিত করবেন।

বাকি চার বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। প্রতিটি বিভাগের কাউন্সিলররা সেই বিভাগের পরিচালক নির্বাচিত করবেন।

‘বি’ ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকার প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবগুলোর ৫৮ জন কাউন্সিলর এই ১২ জনকে নির্বাচিত করবেন।

‘সি’ ক্যাটাগরিতে একজন নির্বাচিত হবেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও খেলোয়াড় কোটায় কাউন্সিলরদের ভোটে তিনি নির্বাচিত হবেন।

গত ১ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে ৫ অক্টোবর। এর আপিল শুনানি হবে ৬ অক্টোবর। পরদিন ৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সেদিন বিকালে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেয়া হবে।

এনএসসি টাওয়ারের ষষ্ঠ তলার সভাকক্ষে ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সম্মিলিত পরিষদ মনোনয়নপত্র জমা দিয়েছে। নাজমুল হাসান নিজে না থাকলেও মাহবুব আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, জালাল ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন এ সময়।

অন্য কোনো প্যানেল থেকে মনোনয়নপত্র জমা পড়েনি।

বিসিবি নির্বাচনে গঠনতন্ত্র লংঘনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়ে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর দায়ের করা আবেদনের শুনানি হবে রোববার। বৃহস্পতিবার সাবের হোসেনের আবেদন আমলে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন রাখা হয়েছে।