দোলেশ্বরকে হারিয়ে শীর্ষে ভিক্টোরিয়া
টানা চার ম্যাচ জয়ের পর পরাজিত প্রাইম দোলেশ্বর। তাদের সহজেই ৯ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষে উঠে এসেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
ছয় ম্যাচ থেকে গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার সংগ্রহ ৯ পয়েন্ট। হেরে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দোলেশ্বরের পয়েন্ট ৮। তারাও ছয়টি ম্যাচ খেলেছে।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে দোলেশ্বরের হারের একমাত্র কারণ ব্যাটিং ব্যর্থতা। ২৬ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায় তারা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দোলেশ্বরের কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। দলীয় ১৯ রানে আরমান হুসেইনের আউট দিয়ে শুরু, ২৪ রানে পতন হয় চার উইকেটের। ৪৭ রানে বিদায় নেন আট জন ব্যাটসম্যান।
শেষদিকে সোহাগ গাজীর অপরাজিত ২৬ রানে কিছুটা লজ্জা বাঁচে দোলেশ্বরের।
প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলতে তিনটি করে উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন দুই মিডিয়াম পেসার সৌম্য সরকার ও শ্রীলঙ্কার শালিকা করুনানায়েকে।
জবাবে ১৪ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
দলীয় ৭ রানে রাসেল আল মামুন বিদায় নিলেও আনামুল হকের অপরাজিত ৪৫ ও করুনানায়েকের অপরাজিত ৩৩ রান সহজ জয় এনে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের। আনামুলের ৪২ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা। অন্যদিকে করুনানায়েকের ৩৯ বলের ইনিংসটা সাজানো চারটি চার ও একটি ছক্কায়।
ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই আলো ছড়িয়ে ম্যাচের সেরা খেলোয়াড় করুনানায়েকে।
