রাজস্থানের কাছে হেরে দুর্ভাবনায় ওটাগো
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার ‘এ’ গ্রুপের খেলায় রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটের হারে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টসের।
চার খেলায় টানা চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে পৌঁছেছে আইপিএল দল রাজস্থান। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে ওটাগো।
তিন খেলায় ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও বুধবার গ্রুপের তলানির দল পার্থ স্করচার্সের বিপক্ষে বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সেরও।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৯ রান করে ওটাগো।
২১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়া ওটাগোকে দেড়শর কাছাকাছি নিয়ে যান জেমস নিশাম (৩২), নাথান ম্যাককালাম (২৮), রায়ান টেন ডোসকাটে (২৬) ও ইয়ান বাটলার (২৫)।
২৩ রানে ৩ উইকেট নিয়ে রাহুল শুক্লা রাজস্থানের সেরা বোলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও এই মিডিয়াম পেসার।
জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আইপিএলে তৃতীয় স্থানে থাকা রাজস্থান।
অজিঙ্কা রাহানের ৪৮ বলে ৫২ রানের পরও ৭২ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে রাজস্থান। তবে ব্র্যাড হজ ‘ঝড়’ দলকে ৫ বল অব্যবহৃত রেখেই জয় এনে দেয়। ২৩ বলে ৩টি বিশাল ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫২ রানে অপরাজিত থাকেন হজ।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ওটাগোর সবচেয়ে সফল নিশাম। ২২ রানে তিন উইকেট নিয়ে আশা জাগালেও দলকে জেতাতে পারেননি তিনি।
