২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো প্রস্তুত নয় সিলেট স্টেডিয়াম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আরো ১৫ দিন সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 09:00 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

এই মাঠেই আগামী ৬ নভেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড একমাত্র টি-টোয়েন্টি হওয়ার কথা।

মঙ্গলবার পঞ্চম বারের মতো স্টেডিয়াম পরিদর্শনে আসা আইসিসি পরিদর্শক দলের সঙ্গী বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম বলেন, ‘‘আবহাওয়া প্রতিকূল থাকায় নির্ধারিত সময়ের (৩০ সেপ্টেম্বর) মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই আইসিসির কাছে অতিরিক্ত ১৫ দিন সময় চাওয়া হয়েছে। আশা করি এই সময়ের মধ্যে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী করা সম্ভব হবে।”

অক্টোবরের শেষ সপ্তাহে আইসিসি প্রতিনিধি দলের আরেকটি পরিদর্শন শেষে এই স্টেডিয়ামের ভাগ্য নির্ধারিত হবে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি সাংবাদিকদের বলেন, ‘‘কাজের অগ্রগতি দেখলাম। আমাদের চাহিদা অনুযায়ী কাজ হচ্ছে। অনেক কাজ হলেও এখনো অনেক কিছু বাকি আছে।’’

গত জুন মাসে প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়।