২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়ের স্বপ্ন

ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ রিচার্ড ম্যাকিন্স ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 07:34 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচগুলো হবে ৭, ৯, ১১, ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।

মঙ্গলবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ম্যাকিন্স বলেন, “ইংল্যান্ডের চেয়ে ওয়েস্ট ইন্ডিজে মানিয়ে নেয়া আমাদের জন্য সহজ হবে। তবে ওরা নিজেদের মাটিতে খেলছে। আমার অবশ্য মনে হয় না এই সিরিজে কন্ডিশন তেমন গুরুত্বপূর্ণ। ভালো খেললে জয় আমাদেরই হবে।”

“ইংল্যান্ডের মতো ওয়েস্ট ইন্ডিজেও এটাই ছেলেদের প্রথম সফর। এটা তাদের জন্য পৃথিবীর অন্য প্রান্তের সংস্কৃতি, আবহাওয়া, উইকেট সম্পর্কে জানার ভালো একটা সুযোগ। ছেলেদের জন্য এটা শিক্ষণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে।”

অধিনায়ক মিরাজের বিশ্বাস, ইংল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় করা সম্ভব। তিনি বলেন, “ইংল্যান্ড সফরে আমাদের প্রথম লক্ষ্য ছিল শেখা। ফলাফল নিয়ে আমরা ভাবিনি। ইংল্যান্ডে অনেক কিছু শিখতে পেরেছি। সে সব কাজে লাগাতে পারলে ওয়েস্ট ইন্ডিজে ভালো করা সম্ভব।”

“এবার আমরা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। ইংল্যান্ডে স্পিনাররা উইকেট থেকে তেমন সহায়তা পায়নি। তবে ওয়েস্ট ইন্ডিজে তারা সেটা পাবে। স্পিনারদের পাশাপাশি পেসাররাও সাফল্য পেলে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব।”

বেলা দুটোয় অনূর্ধ্ব-১৯ দলের অফিসিয়াল ফটোসেশন যখন চলছিল, তখন পাশেই শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর হয়ে খেলছিলেন মোসাদ্দেক হোসেন। পাঁচ ম্যাচে একটি শতক ও দুটি অর্ধশতকসহ ৩২০ রান করে এই অলরাউন্ডার এখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক।

মিরাজ জানিয়েছেন, মোসাদ্দেকের ব্যাটিংয়ে তারা দারুণ উজ্জীবিত। তিনি বলেন, “মোসাদ্দেক ধারাবাহিকভাবে রান পাচ্ছে। এটা অন্যদের ভালো খেলতে অনুপ্রাণিত করছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সে রান পেলে আর অন্যরা তাকে সহায়তা করলে আমাদের পক্ষে প্রত্যেক ম্যাচেই লড়াই করার মতো সংগ্রহ গড়া সম্ভব।”