২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে শেষ চারে চেন্নাই

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ব্রিসবেন হিটকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টানা তৃতীয় জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উত্তরণও নিশ্চিত হয়ে গেছে আইপিএল রানার্স-আপদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 01:30 AM

Updated : 23 Aug 2022, 07:00 PM

তিন ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে চেন্নাই। অন্যদিকে টানা তৃতীয় হারে ব্রিসবেনের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

শনিবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৭ রান করে ব্রিসবেন।

৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া ব্রিসবেনকে অনেক চেষ্টা করেও লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে পারেননি বেন কাটিং (২৫ বলে অপরাজিত ৪২) ও ক্রিস হার্টলি (৩২ বলে ৩৫)। সপ্তম উইকেটে ৪৫ বলে ৭১ রানের জুটি গড়েন দুজনে।

চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও পেসার মোহিত শর্মা।

জবাবে ১৫ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

মুরালি বিজয়ের (২৭ বলে ৪২) সঙ্গে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মাইক হাসির ৭৫ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের পথে এগিয়ে দেয় চেন্নাইকে।
বিজয়ের বিদায়ের পর সুরেশ রায়না (১৫ বলে ২৩) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (৫ বলে অপরাজিত ১৩) নিয়ে বাকি কাজ সহজেই শেষ করেন হাসি।

৪৮ বলে ৭টি চারসহ অপরাজিত ৫৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হাসি।