টাইটান্সের সহজ জয়
হেনরি ডেভিডসের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে টাইটান্স।
তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার দল টাইটান্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে হায়দ্রাবাদ।
শনিবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে হায়দ্রাবাদ।
পার্থিব প্যাটেলের (২৬) সঙ্গে অধিনায়ক শিখর ধাওয়ান (২১ বলে ৩৭) ৬২ রানের উদ্বোধনী জুটি গড়লেও পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করে উঠতে পারেননি।
শেষ দিকে ডেল স্টেইনের ১২ বলে অপরাজিত ২৭ রানের আক্রমণাত্মক ইনিংস দেড় শ’র কাছাকাছি নিয়ে যায় বাছাই পর্ব পেরিয়ে আসা হায়দ্রাবাদকে।
১৭ রানে ৩ উইকেট নিয়ে টাইটান্সের সেরা বোলার মিডিয়াম পেসার ডেভিড ওয়েইস।
জবাবে জ্যাক রুডলফের সঙ্গে ডেভিডসের ১২ ওভার ১ বল স্থায়ী ১১২ রানের উদ্বোধনী জুটিতে টাইটান্সের সহজ জয়ের ভিত রচিত। ৬৪ রান করা ডেভিডসের ৪২ বলের ইনিংসে ৪টি বিশাল ছক্কা ও ৭টি চার।
ডেভিডসের পর এবি ডি ভিলিয়ার্স (৯) দ্রুত বিদায় নিলেও হাইনো কুনকে (অপরাজিত ১৫) সঙ্গে নিয়ে ২২ বল হাতে রেখে দলকে জয় এনে দেন রুডলফ (অপরাজিত ৪৯)।
