২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের অর্ধশতকে মুম্বাইয়ের জয়

ডোয়াইন স্মিথের অপরাজিত অর্ধশতকে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার ‘এ’ গ্রুপের খেলায় লায়ন্সকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 12:32 AM

Updated : 23 Aug 2022, 06:59 PM

তিন খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে মুম্বাই। দুই খেলায় ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রাজস্থান রয়্যালস। রান রেটে মুম্বাইকে পেছনে ফেলা নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস খেলেছে দুই ম্যাচ। লায়ন্স ও পার্থ স্করচার্সের পয়েন্ট দুই করে।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪০ রান করে লায়ন্স।

৮১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার লায়ন্সকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব আলভিরো পিটারসেন (২৭ বলে অপরাজিত ৩৫) ও ডোয়াইন প্রিটোরিয়াসের (২১ বলে অপরাজিত ৩১)। ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এ দুজন।

মুম্বাইয়ের পক্ষে ২৬ রানে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা।

সব মিলিয়ে ষোড়শ ও প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০ হাজার রানের মাইল ফলকে পৌঁছাতে ৩১ রান প্রয়োজন ছিল শচীন টেন্ডুলকারের। কিন্তু ভারতীয় ব্যাটিং কিংবদন্তী সবাইকে হতাশ করে মাত্র ৫ রান করেই সাজঘরের পথ ধরেন।

তারপরও সহজ জয়ই পেয়েছে মুম্বাই। স্মিখের অপরাজিত ৬৩ রানের সৌজন্যে ৯ বল অব্যবহৃত রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। এ রান করার পথে অধিনায়ক রোহিত শর্মার (১৩) সঙ্গে ৪৩ ও কাইরন পোলার্ডের (২০ বলে অপরাজিত ৩১) সঙ্গে অবিচ্ছিন্ন ৫১ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন স্মিথ।

খেলার প্রথম ওভারের পাঁচ বল হওয়ার পর ফ্লাড লাইট বিভ্রাটে ২২ মিনিট খেলা বন্ধ থাকে।