মোহামেডানের শোচনীয় হার
চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ২৩৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা শেখ জামালের সাত উইকেটে করা ৩০৬ রানের জবাবে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।
শেখ জামালের সবচেয়ে সফল বোলার জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা ২.৪ ওভারে ১৩ রান দিয়ে নেন চার উইকেট।
এর আগে শেখ জামালের তিন শতাধিক রানের ইনিংস গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ৯৩ রানের অপরাজিত গুলবাদিন নাইব। আফগানিস্তানের ম্যাচসেরা এই ব্যাটসম্যানের ৫৪ বলের ঝড়ো ইনিংসে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা।
এর আগে দুই প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান জহুরুল ইসলাম (৩৩) ও জুনায়েদ সিদ্দিকের (৪৭) ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা হয় শেখ জামালের। এরপর একে একে অর্ধশতক করেন শ্রীলঙ্কার দিলশান মানুবিরা (৫১), অধিনায়ক মুশফিকুর রহিম (৫০) ও নাইব।
মোহামেডানের পক্ষে তিন উইকেট নেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।
বিশাল এই রান তাড়া করতে গিয়ে মোহামেডানের শুরুটা ছিল চরম হতাশার। দলীয় ছয় রানেই আউট হয়ে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও রাজিন সালেহ। এরপর শামসুর রহমান (২২) ও আরেক শ্রীলঙ্কান আসিলা গুরুরত্নে (১৪) ৩৬ রানের জুটি গড়ে শুরুর বিপদ সামলে ওঠার চেষ্টা করেও সফল হননি।
৪২ রানে শামসুরের বিদায় দিয়ে মোহামেডানের লজ্জার শুরু। এরপর মাত্র ২৪ রানে বাকি সাত উইকেটের পতন হলে ২২.৪ ওভারেই অলআউট হয়ে যায় মোহামেডান।
