২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের দ্বিতীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। দক্ষিণ আফ্রিকার লায়ন্সকে ৩০ রানে হারানোয় রাহুল দ্রাবিড়ের দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 01:19 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

‘এ’ গ্রুপে সব দলের দুটি করে ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান এখন সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টসের ৬ পয়েন্ট। গ্রুপের অন্য তিন দল লায়ন্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্সের সংগ্রহ দুই পয়েন্ট করে।

বুধবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান করে রাজস্থান।

কেউ অর্ধশতক না পেলেও অধিনায়ক রাহুল দ্রাবিড় (৩০ বলে ৩১), শেন ওয়াটসন (২৪ বলে ৩৩), স্টুয়ার্ট বিনি (২০ বলে ৩৮) ও ব্র্যাড হজের (২৩ বলে অপরাজিত ৪৬) আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় স্বাগতিক দলকে।

জবাবে ৯ উইকেটে ১৫৩ রানে থেমে যায় লায়ন্স। দক্ষিণ আফ্রিকার রানার্স-আপদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক আলভিরো পিটারসেনের ব্যাট থেকে।

১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় রাজস্থানের লেগস্পিনার প্রবীণ তাম্বে।