বিসিসিআই থেকে বরখাস্ত ললিত মোদি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক চেয়ারম্যান ললিত মোদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার চেন্নাইয়ে বিশেষ সাধারণ সভায় বোর্ড সর্বসম্মতিতে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
ললিত মোদির বিপক্ষে আইপিএলের দু'টি দলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ আনা হয়েছিল।
তদন্ত কমিটির প্রতিবেদনে সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে আরো – আইপিএলে আর্থিক অনিয়ম, বিদ্রোহী একটি লিগ প্রতিষ্ঠার চেষ্টা, ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে সুসম্পর্ক নষ্টের চেষ্টা ইত্যাদি।
তদন্ত কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতেই মোদিকে বরখাস্তের সিদ্ধান্ত নিল বোর্ড। তদন্তের দায়িত্বে উক্ত কমিটিতে ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি অরুন জেটলি, আইপিএলের সাবেক চেয়ারম্যান চিরায়ু আমিন এবং বিসিসিআইয়ের অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান জয়োতিরাদিত্তো সিনদিয়া।
২০১০ সালের আইপিএলের ফাইনালের কিছুক্ষণ পরেই বহিষ্কৃত হন মোদি।
বিশেষ সাধারণ সভা যাতে না হয় সে জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন মোদি। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের সভার অনুমতি দিলে সঙ্গে সঙ্গে বৈঠক করে মোদিকে নিষিদ্ধ করে বোর্ড।
নিষেধাজ্ঞার কারণে আর কখনোই বোর্ডের কোনো পদে বসতে পারবেন না মোদি।
