২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় ভিক্টোরিয়া

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। কলাবাগান ক্রীড়া চক্রকে ৮৫ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে যাওয়া ভিক্টোরিয়া চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে আছে। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে কলাবাগানের অবস্থান দশম।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৩১ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।

সর্বোচ্চ ৭০ রান আসে এনামুল হক ও শালিকা করুনানায়েকের ব্যাট থেকে। এনামুলের ৮৪ বলের ইনিংসে তিনটি করে ছক্কা ও চার। আর করুনানায়েকের ৭৯ বলের ইনিংস চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো।

তৃতীয় সর্বোচ্চ ২৬ রান যুবায়ের আহমেদের। আর কোনো ব্যাটসম্যান ২০-এর ঘরে যেতে পারেননি। অফস্পিনে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার শ্রীলঙ্কার জিহান মুবারক। জবাবে ৯৩ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যাওয়া কলাবাগান ৪৬ ওভার ৫ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৪ রান তাসামুল হকের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে মাহবুবুল করিমের ব্যাট থেকে। কলাবাগানের সবগুলো উইকেট ভাগ করে নিয়েছেন চার স্পিনার। দুই অফস্পিনার এনামুল হক (২) ও নাসির হোসেন তিনটি করে এবং দুই বাঁহাতি স্পিনার মনির হোসেন ও শ্রীলঙ্কার মিলিন্দা শিরিবর্ধনে দুটি করে উইকেট নেন।