২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শুরু চেন্নাইয়ের

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয় দিয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। রোববারের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার টাইটান্সকে ৪ উইকেটে হারিয়েছে আইপিএল রানার্স-আপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 12:28 AM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে ‘বি’ গ্রুপের লড়াইয়ে অধিনায়ক হেনরি ডেভিডস ও এবি ডি ভিলিয়ার্সের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৮৫ রানের ভালো সংগ্রহ গড়ে স্বদেশের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন টাইটান্স।

৪৩ বলে দুটি ছক্কা ও চারটি চারে ৫২ রান করেন ডেভিডস। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্স তো রীতিমতো ‘স্টিম রোলার’ চালিয়েছেন চেন্নাইয়ের বোলারদের ওপরে। মাত্র ৩৬ বলে ৭টি ছক্কা ও তিনটি চারে ৭৭ রান আসে তার ব্যাট থেকে।

‘ঝড়’টা সবচেয়ে বেশি গেছে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ওপর দিয়ে। দুজনেই একটি করে উইকেট পেলেও অফস্পিনার অশ্বিন ৪ ওভারে দিয়েছেন ৩৬ রান, আর বাঁহাতি জাদেজার ৩ ওভারে খরচ ৪৯ রান। ওভার প্রতি প্রায় সাড়ে ৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চেন্নাইয়ের কেউ অর্ধশতক করতে পারেননি। তবে মাইক হাসি (২৬ বলে ৪৭), সুরেশ রায়না (২৮ বলে ৪৭) ও ডোয়াইন ব্রাভোর (২৬ বলে ৩৮) আক্রমণাত্মক এবং সুব্রামানিয়াম বদ্রিনাথের (২০ বলে অপরাজিত ২০) দায়িত্বশীল ব্যাটিং ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় রাঁচির ‘ঘরের ছেলে’ মহেন্দ্র সিং ধোনির দলকে। ২৯ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার রোওয়ান রিচার্ডস। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে রায়নার হাতে।