২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজেও মহিলা ক্রিকেটারদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও হেরে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডে ৯৫ রানে হেরে যাওয়ায় সিরিজ হারও নিশ্চিত হয়ে গেছে সালমা খাতুনের দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল।

রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

লিজেল লির (৭১) সঙ্গে ১০৬ ও ড্যান ভ্যান নিকার্কের (অপরাজিত ৩৪) সঙ্গে অবিচ্ছিন্ন ৯২ রানের ‍দুটো দারুণ জুটি গড়ে স্বাগতিকদের আড়াই শ’র কাছাকাছি পৌঁছে দিতে বড় ভূমিকা মিগনন দ্যু প্রিজের।

১০৫ বলে দ্যু প্রিজের অপরাজিত ১০০ রানের অধিনায়কোচিত ইনিংসে ১০টি চার। ৪৩তম ওয়ানডে খেলতে নেমে প্রথম শতকের দেখা পেলেন তিনি। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ একটি করে উইকেট নেন। জবাবে ৪৮ ওভার ৩ বলে ১৪২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফারজানা হক (২৫) ও আয়েশা রহমান (২৬) ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়লেও অন্যদের ব্যর্থতায় আরেকটি হার মেনে নিতে হয় বাংলাদেশের মেয়েদের। এই দুজনের বিদায়ের পর অধিনায়ক সালমা খাতুন (৩৬) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সুনেট লুবজার ও নিকার্ক তিনটি করে উইকেট নেন। মঙ্গলবার সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডে।