শেষ বলে আবাহনীকে হারালো মোহামেডান
শামসুর রহমান শুভর অপরাজিত শতকের সুবাদে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে শেষ বলে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
টানা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন লিগের শীর্ষে। সমান ম্যাচে টানা দ্বিতীয় হারের যন্ত্রণায় বিদ্ধ আবাহনীর মাত্র দুই পয়েন্ট।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮২ রানে অলআউট হয়ে যায় আবাহনী। জয়ের জন্য মোহামেডানকে অপেক্ষা করতে হয় শেষ বল পর্যন্ত।
লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ৪১ বলে ৫১ রান করলেও ৭৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে মোহামেডান। এই তিন জনের মধ্যে দিলশান ছাড়াও ছিলেন আরেক শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা।
তবে রাজিন সালেহর (২১) সঙ্গে ৪৯ ও মোহাম্মদ নবীর (৪৬) সঙ্গে ৮৭ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে ৫ উইকেটে ২৪৩ রানে পৌঁছে দেন শামসুর।
দুই রানের ব্যবধানে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (১৮) ও উইকেটরক্ষক ধীমান ঘোষ (১) বিদায় নিলেও ৯ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীকে সঙ্গে নিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন শামসুর। ১১৫ বলে ৮ চার ও দুই ছক্কায় অপরাজিত ১০৫ রানের অনবদ্য ইনিংসের সুবাদে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়।
শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু শামসুর স্ট্রাইক না পাওয়ায় জয় নিয়ে শঙ্কায় পড়ে যায় ঐতিহ্যবাহী দলটি। আলাউদ্দিন বাবুর করা শেষ ওভারের তৃতীয় বলে পয়েন্ট দিয়ে চার হাঁকানোর পর শেষ বলে কোনোমতে এক রান নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন মুক্তার (অপরাজিত ১৬)।
আবাহনীর পক্ষে ৫৪ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।
সকালে ব্যাট করতে নেমে ৮৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলায় আবাহনীর শুরুটাও ভালো হয়নি। তবে থারাঙ্গা পারানাভিতানার (৬১) সঙ্গে ৯২ ও থিলিনা কান্দাম্বির (৪৯) সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে দলকে ৪ উইকেটে ২৫৫ রানের সুবিধাজনক জায়গায় নিয়ে যান মোসাদ্দেক হোসেন (৭৬)।
