দ্রাবিড়ের কাছে টেন্ডুলকারের ‘হার’
দুই কিংবদন্তির শেষের শুরুতে রাহুল দ্রাবিড়ের কাছে ‘পরাজিত’ শচীন টেন্ডুলকার। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস সহজেই ৭ উইকেটে হারিয়ে দিয়েছে টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্সকে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি দ্রাবিড়ের জীবনের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। টেন্ডুলকারও এই টুর্নামেন্টের পর টেস্ট ছাড়া অন্য কিছু না খেলার ইঙ্গিত দিয়ে রেখেছেন।
শনিবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই।
উদ্বোধন করতে নেমে ১৭ বলে তিনটি চারসহ ১৫ রানের বেশি করতে পারেননি টেন্ডুলকার।
৪৩ রানে চার উইকেট হারিয়ে ফেললেও অধিনায়ক রোহিত শর্মা (৩৭ বলে ৪৪) ও কাইরন পোলার্ডের (৩৬ বলে ৪২) আক্রমণাত্মক ব্যাটিং দেড় শ’র কাছাকাছি যায় মুম্বাইকে।
রাজস্থানের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার বিক্রমজিত মালিক।
