২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়াপ্পনের নামে অভিযোগপত্র

আইপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং নিয়ে তদন্তে নিয়োজিত মুম্বাই পুলিশের অভিযোগপত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের স্বামী গুরুনাথ মিয়াপ্পনের নাম রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 08:10 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

মিয়াপ্পন আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’। তার বিরুদ্ধে ‘বোম্বে পুলিশ আইন’-এর ১৩০ ধারায় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

দলের কৌশল ফাঁস করার অভিযোগও উঠেছে মিয়াপ্পনের বিরুদ্ধে। চেন্নাইয়ের একটি ম্যাচে নিজের দলের বিরুদ্ধেই বাজি ধরেছিলেন তিনি। ঐ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই হেরে যায়।

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ তথ্য বিন্দু দারা সিং রানধাওয়ার কাছে ফাঁস করে দিয়েছিলেন মিয়াপ্পন। পরে সেই তথ্য বাজিকরদের দেন ভারতের বিখ্যাত কুস্তিগীর ও অভিনেতা প্রয়াত দারা সিংয়ের ছেলে রানধাওয়া।

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানধাওয়াও গ্রেপ্তার হয়েছিলেন। পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি। মিয়াপ্পনও এখন জামিনে আছেন।

আইপিএলে দুর্নীতির ঘটনা ফাঁস হয় গত মে মাসে। ১৬ মে স্পট ফিক্সিংয়ের অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত-চান্দিলা-চাভানসহ বেশ কয়েকজন বাজিকর গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়।

২৪ মে একই অভিযোগে মিয়াপ্পন গ্রেপ্তার হওয়ার পর শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেটাঙ্গন। কিছুদিন পর বোর্ড সভাপতির পদ থেকে সাময়িকভাবে সরে যেতে বাধ্য হন শ্রীনিবাসন।

স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর শান্তকুমারন শ্রীশান্ত ও অঙ্কিত চাভানকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিসিআই।