২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস ব্যবহারের সুযোগ বাড়ছে

ইংল্যান্ডে সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) বেশ সমালোচিত হলেও কার্যত এর ব্যবহার বরং আরো বাড়ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:22 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

আগামী ১ অক্টোবর থেকে প্রতি ইনিংসে ৮০ ওভার পার হওয়ার পর আবার দু'বার ডিআরএস ব্যবহারের সুযোগ পাবে উভয় দল।

বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজেই এ সুযোগ পাবে দুই দল।

আগের নিয়মে পুরো ইনিংসে মোট দুবার এই সুযোগ পেত একটি দল, কত ওভার পার হলো তা বিবেচনায় আনা হতো না। এখন ৮০ ওভারের পর নতুন বল নেয়ার সুযোগের মতো করে নতুন করে ডিআরএস সুবিধাও পাওয়া যাবে।

সভায় ডিআরএসের ব্যবহার আরো নির্ভুল করতে প্রয়োজনে হটস্পটের পাশাপাশি স্নিকোমিটার ব্যবহারের সিদ্ধান্তও হয়েছে। তবে তার আগে প্রযুক্তির এই ব্যবহারের উপর যথেষ্ট পরীক্ষা চালানোর কথা বলা হয়েছে।

ব্যাটে বল লেগেছে কি-না স্নিকোমিটার প্রযুক্তিতে শব্দ তরঙ্গের মাধ্যমে এবং হটস্পট প্রযুক্তিতে ‘থার্মাল ইমেজিং’ ক্যামেরার মাধ্যমে নির্ণয় করা হয়।

তাই ডিআরএস বিশেষজ্ঞদের প্রতাশা, স্নিকোমিটার ও হটস্পট একসঙ্গে ব্যবহার করতে পারলে আরো বেশি নির্ভুল সিদ্ধান্ত পাওয়া যাবে।

এছাড়া এই সভায় আরো কিছু সিদ্ধান্ত হয়েছে। ওয়ানডেতে প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে নতুন বল ব্যবহারের যে প্রচলন শুরু হয়েছে তা কিছুটা পাল্টেছে। কোনো ম্যাচ যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে ২৫ ওভার বা তার থেকেও কম ওভারে নেমে আসে তাহলে একটি নতুন বল দিয়ে এক ইনিংস খেলা হবে।

এই সিদ্ধান্তটিও আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।