প্রস্তুতি ম্যাচেও মহিলা ক্রিকেটারদের হার
দক্ষিণ আফ্রিকা সফরে হেরেই চলেছে মহিলা ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের আগে স্বাগতিকদের ইমার্জিং দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে হেরে গেছে তারা।
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই হেরে যাওয়া সালমা খাতুনের দল বুধবার রাস্টেনবার্গের অলিম্পিয়া স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ২ বলে ১২৯ রানে অলআউট হয়ে যায়।
সর্বোচ্চ ২৮ রান নয় নম্বরে ব্যাট করতে নামা জাহানারা আলমের। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত থেকে। বাংলাদেশের আট জনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।
স্বাগতিক দলের এলরিয়েসা থিওনিসেন (৩/১২) ও রবিন অ্যাপলস (৩/১৬) তিনটি করে উইকেট নেন।
জবাবে ৩২ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৫৭ রান আসে অধিনায়ক এন মুডলির ব্যাট থেকে। ৪৮ রানে অপরাজিত থাকেন ডেন ভ্যান নিকার্ক।
বাংলাদেশের পক্ষে অফস্পিনার খাদিজা তুল কুবরা ও পেসার লিলি রানী বিশ্বাস একটি করে উইকেট নেন।
শুক্রবার বেনোনিতে প্রথম ওয়ানডে।
