২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের অবসরের খবর ভিত্তিহীন: পাতিল

ভারতের কয়েকটি পত্রিকার দাবি, শচীন টেন্ডুলকারকে অবসরের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির প্রধান নির্বাচক সন্দীপ পাতিল। তবে এই খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ঐ দুটো টেস্টে খেললে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার কীর্তি গড়বেন গত এপ্রিলে ৪০ পূর্ণ করা টেন্ডুলকার। ভারতের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন – অনন্য এই কীর্তি স্পর্শ করেই ক্রিকেটকে বিদায় জানাবেন টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক।

এই গুঞ্জনের পালে হাওয়া দিয়ে ভারতের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা বুধবার জানিয়েছে, পাতিল নাকি টেন্ডুলকারকে বলেছেন ২০০তম টেস্টের পর দল গড়ার সময় তার অতীত রেকর্ড নয়, বরং ফর্মকে বিবেচনা করা হবে।

তবে এই রিপোর্টকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাতিল। অনেক দিন টেন্ডুলকারের সঙ্গে দেখা না হওয়ার কথা জানিয়ে ভারতের সংবাদ সংস্থা ‘পিটিআই’কে তিনি বলেন, “শচীনের (টেন্ডুলকার) সঙ্গে দেখা হওয়া সব সময়ই আনন্দদায়ক। তবে গত ১০ মাস তার সঙ্গে আমার দেখা হয়নি। আমি তাকে ফোন করিনি, সে-ও আমাকে করেনি। আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করিনি। এসব একেবারেই ভিত্তিহীন খবর।”

টেন্ডুলকারের অবসর নিয়ে জল্পনা-কল্পনার মাঝে তার এক ঘনিষ্ঠ বন্ধু দিয়েছেন চমকপ্রদ তথ্য। তিনি জানিয়েছেন, “সে (টেন্ডুলকার) এখনই সমাপ্তি টানার সিদ্ধান্ত নেয়নি। আগামী বছরের জুলাইয়ে সে ইংল্যান্ড সফরে গেলেও অবাক হওয়ার কিছু নেই।”

ক্রিকেটের সফলতম ব্যাটসম্যান অবশ্য তার অবসর সংক্রান্ত গুঞ্জন নিয়ে একেবারেই নির্বিকার। কয়েক দিন আগে তিনি জানিয়েছিলেন, “এ মুহূর্তে আমার (অবসর নিয়ে) ভাবনা-চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার ফর্মুলা হলো সামনের দিকে লাফ না দেয়া। আর এভাবেই আমি আমার ক্রিকেট-জীবনকে গড়েছি।” অনেক দিন ধরে রান-খরার কারণেই একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতক করা টেন্ডুলকারের অবসর নিয়ে এত জল্পনা-কল্পনা। গত দুই বছরে ১৭ টেস্টে ২৯ ইনিংসে ৩১.১৪ গড়ে তার মোট রান ৮৭২, সর্বোচ্চ ৯৪। টেস্টে ৫১টি শতকের মালিকের সর্বশেষ শতক এসেছিল ২০১১ সালের জানুয়ারিতে, কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।