২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়ার প্রথম জয়

নবাগত খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেট হারিয়ে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৮ রান করে খেলাঘর।

ব্যাটিং-দুরূহ উইকেটে রানের জন্য লড়াই করতে হয়েছে খেলাঘরের ব্যাটসম্যানদের। আগের ম্যাচে রুবেল হোসেনের তোপ মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়া খেলাঘরের ব্যাটসম্যানরা উইকেটে থাকার পণ নিয়ে মাঠে নেমেছিলেন।

সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক ইফতেখার। শুভাগত হোম চৌধুরী ২১ ও ফজলে রাব্বি ২০ রান করেন।

ভিক্টোরিয়ার পক্ষে এনামুল হক ২ উইকেট নেন ২৫ রানে।

জবাবে ৩৩ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।

৬৯ বলে ৫টি করে বিশাল ছক্কা ও চারের সুবাদে ৬৬ রান করে দলের সহজ জয় নিশ্চিত করেন অধিনায়ক নাসির হোসেন। ১৬ রানে অপরাজিত থাকেন যুবায়ের আহমেদ।

খেলাঘরের পক্ষে নিজামউদ্দিন রিপন ২ উইকেট নেন ২৪ রানে।

বৃষ্টির কারণে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ভিক্টোরিয়ার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। সেই ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছে দলটি।