২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের প্রথম জয়ে তামিমের শতক

তামিম ইকবালের শতকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি পেসার রুবেল হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 02:57 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এটা ব্রাদার্সের প্রথম জয় আর গাজী ট্যাঙ্কের প্রথম হার।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। গাজী ট্যাংকের ইনিংসের ২৩ ওভারের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে গাজী ট্যাঙ্কের লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ২৪৪ রান। ৯ উইকেট হারিয়ে ১০৭ রানেই থেমে যায় গাজী ট্যাঙ্কের ইনিংস।

অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নির্ভার তামিম ইমতিয়াজ হোসেনের (১৬) সঙ্গে ৫৪ ও বড় ভাই নাফিস ইকবালের (৩৮) সঙ্গে ৯৭ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে ১ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান।

শতকে পৌঁছানোর পরপরই বিদায় নেন তামিম। তার ৯২ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি বিশাল ছক্কা। তামিমের বিদায়ের পর আজহার মেহমুদ (৩৩) দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

৩৭ রানে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে পেসার রুবেল গাজী ট্যাঙ্কের সেরা বোলার। আগের ম্যাচেই ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

৪৮তম ওভারের শেষ বলে অধিনায়ক সোহওয়ার্দী শুভকে বোল্ড করার পর শেষ ওভারের প্রথম দুই বলে মেহরাব হোসেন জুনিয়র ও আশরাফুল হককে বিদায় করে হ্যাটট্রিক করেন রুবেল। দিনের অন্য ম্যাচে হ্যাটট্রিক করেন প্রাইম ব্যাঙ্কের পেসার তাপস বৈশ্য।

লক্ষ্য তাড়া করতে নেমে আফতাব আহমেদ (৩৬) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি শিরোপা প্রত্যাশী গাজী ট্যাঙ্ক।

দলের প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়। শূন্য রানে সাজঘরে ফেরেন তিন ব্যাটিং ভরসা রকিবুল হাসান, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও স্কট স্টাইরিস।

রুবেল (১৮*) ও নাঈম ইসলাম জুনিয়রের (১৩*) মধ্যকার দশম উইকেট জুটির দৃঢ়তায় শতক পার হয় তারা।

ব্রাদার্সের পক্ষে ইমতিয়াজ, আজহার ও সানজামুল দুটি করে উইকেট নেন।