২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে জিম্বাবুয়ে

প্রায় পাঁচ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে ফিরেই বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের অবস্থান দশম, আর জিম্বাবুয়ের নবম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ড্র করায় র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাকিস্তানেরও। দুই ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছে তারা।

পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত জয় পাওয়ার সুবাদে জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪। বাংলাদেশের রেটিং পয়েন্ট মাত্র ১০, আর পাকিস্তানের ৯৭।

অবশ্য পাকিস্তানের কাছে এই সিরিজে হেরে গেলেও বাংলাদেশকে পেছনে ফেলে জিম্বাবুইয়ানদের নবম স্থানে জায়গা করে নেয়া নিশ্চিত ছিল।

২০০৭ সালের মে মাসে টেস্ট র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে ছিল জিম্বাবুয়ে। মাঝে প্রায় ছয় বছর টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিল তারা।

২০১১ সালের অগাস্টে টেস্ট ক্রিকেটে ফিরেই বাংলাদেশকে হারিয়ে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কমপক্ষে আটটি টেস্ট না খেলার কারণে এতদিন র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়নি তাদের।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত।