দ্বিতীয় টি-টোয়েন্টিতেও মহিলা ক্রিকেটারদের হার
প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হেরে যাওয়া মহিলা ক্রিকেট দল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে।
তাই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক দলের।
শনিবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮৪ রান করে বাংলাদেশ।
দলীয় ৬ রানে ফারজানা হক বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেটে আয়েশা রহমানের (৩৯ বলে ৩৪) সঙ্গে লতা মন্ডল (৫২ বলে ৩১*) ৫০ রানের জুটি গড়লেও যথারীতি ধীরগতিতেই রান তুলেছে বাংলাদেশের মেয়েরা।
আয়েশার বিদায়ের পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন সালমা খাতুন (১১ বলে ১২)।
তবে দলীয় ৭৭ রানে অধিনায়কের বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ।
১৯তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে রুমানা আহমেদ, রিতু মনি ও ফাহিমা খাতুনকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করেন অলরাউন্ডার মারিজান্নে কাপ। এর মধ্যে রুমানা কট বিহাইন্ড, পরের দুজন বোল্ড।
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তৃতীয় হ্যাটট্রিক। আগের দুজন ছিলেন পাকিস্তানের আসমাভিয়া ইকবাল ও ভারতের একতা বিস্ত।
৬ রানে ৪ উইকেট নিয়ে কাপই দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
জবাবে ৫১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
লিজেল্লি লির (২৮ বলে ৩৭) সঙ্গে তৃষা চেট্টির ৯ ওভার স্থায়ী ৭১ রানের উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের সহজ জয়ের ভিত রচিত। লির বিদায়ের পর অধিনায়ক মিগনন দ্যু প্রিজকে (অপরাজিত ৮*) নিয়ে দলকে জয় এনে দেন তৃষা (৩৪ বলে অপরাজিত ৩৮)।
বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন লেগস্পিনার রুমানা।
রোববার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৮৪/৬ (ফারজানা ৪, আয়েশা ৩৪, লতা ৩১, সালমা ১২, রুমানা ০, রিতু ০, ফাহিমা ০, তাসনিয়া ১*; কাপ ৪/৬, লুবসার ১/১৬, শাবনিম ১/১৭)
দক্ষিণ আফ্রিকা: ১১.৩ ওভারে ৮৫/১ (লি ৩৭, চেট্টি ৩৮*, প্রিজ ৮*; রুমানা ১/২২)
ম্যাচ সেরা: মারিজান্নে কাপ।
