জিম্বাবুয়ের ‘ঐতিহাসিক’ জয়
প্রায় ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে টেস্ট ক্রিকেটে ফিরেই বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। গত এপ্রিলে মুশফিকুর রহিমের দলকে উড়িয়ে দিয়েছিল ৩৩৫ রানে। তবে এবারের জয়টা এক কথায় অসাধারণ।
হারারেতে দ্বিতীয় ও শেষ টেস্টে পূর্ণ শক্তির পাকিস্তানকে নাটকীয়ভাবে ২৪ রানে হারিয়ে দিয়েছে তারা। তাই টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
শনিবার শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১০৬ রান, আর জিম্বাবুয়ের ৫ উইকেট। স্বাগতিকদের জয়ের সামনে দেয়াল তুলে দাঁড়ালেও শেষ পর্যন্ত দলকে রক্ষা করতে পারেননি অতিথিদের অধিনায়ক মিসবাহ-উল-হক।
হারারে স্পোর্টস ক্লাবের ব্যাটিং-দুরূহ পিচে দিনের তৃতীয় ওভারেই আদনান আকমলকে এলবিডব্লিউ করে দলকে সাফল্য এনে দেন টেন্ডাই চাতারা। ১৭ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তানের উইকেটরক্ষক শনিবার তিন রানের বেশি করতে পারেননি।
আদনানের বিদায়ের পর আব্দুর রেহমানকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিসবাহ। এই জুটিতে ৩৪ রান ওঠার পর রেহমানকে (১৬) কট বিহাইন্ড করেন টিনাশে পানিয়াঙ্গারা।
পরের ব্যাটসম্যান সাঈদ আজমলকে চাতারা এলবিডব্লিউর ফাঁদে ফেললে স্কোর দাঁড়ায় ২১৪/৮।
তবু ১০ নম্বর ব্যাটসম্যান জুনায়েদ খানকে নিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মিসবাহ। কিন্তু জিম্বাবুয়ে দ্বিতীয় নতুন বল নেয়ার পর অতিথিরা আর পেরে ওঠেনি।
ইনিংসের ৮০তম ওভারের চতুর্থ বলে জুনায়েদকে গালিতে ম্যালকম ওয়ালারের ক্যাচে পরিণত করেন চাতারা। জিম্বাবুয়ে তখন জয় থেকে এক উইকেট দূরে, আর পাকিস্তানের প্রয়োজন ২৬ রান।
শেষ ব্যাটসম্যান রাহাত আলী মুখোমুখি হওয়া প্রথম বলে এক রান নিলে স্ট্রাইক পেয়ে যান মিসবাহ। কিন্তু ওভারের শেষ বলে অধিনায়কের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রাহাত রান আউট হয়ে গেলে ‘ঐতিহাসিক’ জয় পেয়ে যায় জিম্বাবুয়ে।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটা তাদের তৃতীয় জয়। আগের জয়টি ছিল ১৯৯৮ সালের নভেম্বরে, পেশোয়ারে।
৬১ রানে ৫ উইকেট নিয়ে চাতারা জিম্বাবুয়ের সফলতম বোলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। জীবনের চতুর্থ টেস্টে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন এই ডানহাতি পেসার।
টেস্ট ক্রিকেটে ফেরার পর এমন দুর্দান্ত জয় পেয়ে ব্রেন্ডন টেইলর উচ্ছ্বসিত। বোলারদের ধন্যবাদ জানিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, “অবশেষে একটি বিশ্বমানের দলকে হারানোর অনুভূতি অসাধারণ। বিশেষ করে বোলারদের কথা বলতেই হবে। প্রায় ছয় মাস আমাদের কোনো বোলিং কোচ নেই। তাই বোলারদের বিরাট কৃতিত্ব প্রাপ্য।”
অন্যদিকে স্বাগতিকদের প্রশংসা করে মিসবাহ বলেন, “এই জয় জিম্বাবুয়ের প্রাপ্য। প্রথম টেস্টে এবং এই টেস্টে তারা দুর্দান্ত খেলেছে। শুরু থেকেই তারা ইতিবাচক ছিল। পুরো ম্যাচেই তারা আমাদের ভীষণ চাপের মধ্যে রেখেছিল।”
হারের জন্য ব্যাটসম্যানদের ওপরে ক্ষোভ প্রকাশ করে ৭৯ রানে অপরাজিত থাকা পাকিস্তানের অধিনায়ক বলেন, “আমাদের ইতিবাচক বিষয় ছিল বোলাররা। তবে ব্যাটিং নিয়ে খানিকটা দুশ্চিন্তা হচ্ছেই। ব্যাটসম্যানদের তাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। ২০/৩০ রান করে টেস্ট ম্যাচে জয় পাওয়া যায় না।”
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৯৪ (মাসাকাদজা ৭৫, টেইলর ৫১; জুনায়েদ ৪/৬৭, রেহমান ৩/৪৭) ও ১৯৯ (মায়োয়ো ৫৮, মাসাকাদজা ৪৪; রাহাত ৫/৫২)
পাকিস্তান: ২৩০ (ইউনুস ৭৭, মনজুর ৫১; ভিটোরি ৫/৬১, পানিয়াঙ্গারা ৩/৪৩) ও ২৩৯ (মনজুর ৫৪, হাফিজ ১৬, আজহার ০, ইউনুস ২৯, মিসবাহ ৭৯*, শফিক ১৪, আদনান ২০, রেহমান ১৬, আজমল ২, জুনায়েদ ১, রাহাত ১; চাতারা ৫/৬১, উৎসেইয়া ২/৬২, পানিয়াঙ্গারা ১/৪৩, ভিটোরি ১/৬৯)
ম্যাচ সেরা: টেন্ডাই চাতারা।
সিরিজ সেরা: ইউনুস খান।
